প্রকাশ :: ... | ... | ...

আবাহনীর পর ফিফার নিষেধাজ্ঞায় আরামবাগ


সংযুক্ত ছবি

ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর ওপর ফিফার নিষেধাজ্ঞার ঘটনা বাড়ছে। আবাহনীর পর এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল ফিফার পক্ষ থেকে এ-সংক্রান্ত আদেশ এসেছে বলে জানা গেছে। আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানান, গত মৌসুমে তাঁদের ক্লাবে খেলা এক বিদেশি ফুটবলারের পাওনা বকেয়া ছিল। নির্ধারিত সময়ে সেই অর্থ পরিশোধ করতে না পারায় ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে ক্লাবটি। ইয়াকুব আলী বলেন, ‘গত মৌসুমে বিদেশি ফুটবলারের পাওনা বকেয়া ছিল। সেই পাওনা পরিশোধে বিলম্ব হয়েছে। এ জন্য ফিফা থেকে নিষেধাজ্ঞা এসেছে। সাড়ে পাঁচ লাখ টাকার মতো বকেয়া। এই মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা করছি।’ এর আগে দীর্ঘ সময় ফিফার নিষেধাজ্ঞার মধ্যে ছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ওই দুই ক্লাবের নিষেধাজ্ঞা কাটানোর প্রক্রিয়ার কারণে চলতি মৌসুমের ক্লাব লাইসেন্সিং ও দলবদলের সময়সূচি কয়েক দফা পিছিয়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নতুন মৌসুম শুরু হওয়ার পরই আবার নিষেধাজ্ঞায় পড়ে আবাহনী। এবার সেই তালিকায় যুক্ত হলো আরামবাগ ক্রীড়া সংঘ। ফিফার নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা কার্যকর থাকলে সংশ্লিষ্ট ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারে না। ফলে বকেয়া পাওনা পরিশোধ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দল গঠন ও খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে ক্লাব দুটি। ফিফার রেজিস্ট্রেশন ব্যানের তালিকায় বাংলাদেশের ক্লাবগুলোর নামে মোট আটটি ফাইল রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বর্তমানে সক্রিয় ক্লাব আবাহনী ও আরামবাগের একটি করে ফাইল রয়েছে। ফুটবলে নিষ্ক্রিয় আজমপুর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নামে তিনটি করে এবং সকার ক্লাব ফেনীর নামে একটি ফাইল রয়েছে।