প্রকাশ :: ... | ... | ...

‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে কেন বললেন মেসি


সংযুক্ত ছবি

আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের ম্যাচে লিওনেল মেসির ১০তম বিশ্বকাপ অ্যাসিস্ট, হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং বিতর্কিত লাল কার্ডের পাশাপাশি আলোচনায় এসেছে মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর বাক্যবিনিময়। ম্যাচের ৪৩তম মিনিটে সুইজারল্যান্ড একটি ফ্রি-কিক পেলে আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে অবস্থান নেন মেসি। এ সময় রেফারি জোয়াও পিনেইরো তাকে নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা–র তথ্য অনুযায়ী, রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়ে মেসি তাৎক্ষণিক জবাবে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’ ফ্রি-কিক নেওয়ার পরও দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। তখন মেসি আবারও রেফারির কাছে গিয়ে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’ এদিকে ম্যাচের ৭২তম মিনিটে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জোয়াও পিনেইরো। তার এই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। ৩৮ বছর বয়সী জোয়াও পিনেইরো পর্তুগালের অন্যতম অভিজ্ঞ আন্তর্জাতিক রেফারি। ২০১৫ সালে দেশটির শীর্ষ লিগে অভিষেকের পর ২০১৬ সালেই ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপসহ ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলেও জায়গা পেয়েছেন তিনি। শু/আজা