ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোকে হটানোর লড়াইয়ে ইউরোপের বাইরের দেশগুলোর সমর্থনও পাচ্ছেন বলে দাবি করেছেন ফ্রান্সের ফিলিপ ডিয়ালো। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়তে উয়েফার সর্বসম্মত সমর্থন পাওয়ার পর এবার অন্য মহাদেশের ভোটও নিজের পক্ষে টানতে চান ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি। মঙ্গলবার প্যারিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিয়ালো বলেন, ‘তাঁকে হারাতে হলে ১০৬টি ভোট প্রয়োজন, যা সংখ্যাগরিষ্ঠতা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছ থেকে ইতোমধ্যে সর্বসম্মত সমর্থন পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘এখন অন্য মহাদেশগুলোর দেশগুলোকে রাজি করানোর দায়িত্ব আমার ও আমার দলের। তবে গতকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে জোরালো সমর্থনের বার্তা পাচ্ছি, যা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।’ সোমবার উয়েফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডিয়ালোকে ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানানো হয়। সংস্থাটির নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় সদস্য সংস্থাগুলো তাঁর প্রতি সর্বসম্মত সমর্থন জানায়। আমন্ত্রণ গ্রহণের পর মঙ্গলবার ফরাসি ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিও তাঁর প্রার্থিতা অনুমোদন করেছে। ৬৩ বছর বয়সী ডিয়ালো ফিফার নেতৃত্বে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর মতে, বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এককভাবে নেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। ডিয়ালো বলেন, ‘ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো পর্দার আড়ালে, কোনো স্বচ্ছতা ছাড়াই এবং কারও সঙ্গে পরামর্শ না করে, নির্বাহী কমিটির মাধ্যমে না গিয়ে এককভাবে নেওয়ার শাসনব্যবস্থা আর চলতে পারে না। আমার দৃষ্টিভঙ্গি হবে উন্মুক্ত ও সম্মিলিত শাসনব্যবস্থা, যেখানে বিভিন্ন সংস্থা প্রকৃত অর্থেই নিজেদের ভূমিকা পালন করবে।’ ইনফান্তিনোর সঙ্গে উয়েফার বিরোধের সূত্রপাত গত জুলাইয়ে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা প্রকাশ করেছিলেন ফিফা সভাপতি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দ্রুত সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। তবে এ ঘটনায় ক্ষুব্ধ উয়েফা পরবর্তী সময়ে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ‘অপরাধমূলক অব্যবস্থাপনার’ অভিযোগের পক্ষে প্রমাণ সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদালতের দ্বারস্থ হয়েছে। গত সেপ্টেম্বরে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ফরাসি ফুটবল ফেডারেশন। ডিয়ালো তখন বলেছিলেন, ফিফা সভাপতির ওপর রাখা আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশ্ব ফুটবলের পরিচালনায় স্বচ্ছতা ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের অভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পর এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব নিতে চান তিনি। আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন। ইনফান্তিনোর বিপক্ষে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজতে বেশ বেগ পেতে হয়েছিল উয়েফাকে। ফ্রান্সের সাবেক কোচ ও আর্সেনালের সাবেক ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে লড়তে রাজি হননি। পরে ডিয়ালোকে সমর্থনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নির্বাচনী লড়াইয়ে ডিয়ালোর সামনে বড় চ্যালেঞ্জ এশিয়া ও আফ্রিকার ভোট। ৪৭টি সদস্য সংস্থার সমন্বয়ে গঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গত অক্টোবরে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। আফ্রিকার দেশগুলোর সমর্থনও ইনফান্তিনোর পক্ষে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফলে ইউরোপের বাইরে সমর্থন পাওয়ার দাবি করলেও ডিয়ালোকে ভোটের মাঠে কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। এদিকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি ও ফিফা কাউন্সিলের সদস্য কোজো তাশিমাও ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। টটেনহ্যাম হটস্পারের সাবেক সুইস ডিফেন্ডার রামন ভেগাও প্রার্থিতা ঘোষণার আগ্রহ দেখিয়েছেন। ফিফার সদস্য সংস্থা মোট ২১১টি। সভাপতি নির্বাচনে প্রতিটি সংস্থার একটি করে ভোট রয়েছে। নির্বাচনে জয়ী হতে প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতা—১০৬ ভোট। ইউরোপের সমর্থন নিশ্চিত করার পর এখন অন্য মহাদেশের ভোটারদের কাছে পৌঁছানোই ডিয়ালোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।