প্রকাশ :: ... | ... | ...

ইব্রাহিমের গোলে মুরাসকে বিদায় করে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস


সংযুক্ত ছবি

মোহাম্মদ ইব্রাহিমের গোলেই জিতেছে ফর্টিস এফসি: ছবি ফর্টিস এফসি

প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নেমে দারুণ চমক উপহার দিল মাসুদ পারভেজ কায়সারের দল আট বিদেশি নিয়ে শুরু করল ফর্টিস। মুরাস ইউনাইটেডকে অবশ্য প্রথমার্ধে খুব একটা চেপে ধরা গেল না। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে দলকে এগিয়ে নিলেন মোহাম্মদ ইব্রাহিম। প্রতিপক্ষের পেনাল্টি ফিরিয়ে দিল পোস্ট। দলীয় নৈপুণ্য ও ভাগ্যের স্পর্শে এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম খেলতে নেমে দুর্দান্ত এক প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসল ফর্টিস। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার প্রিলিমিনারি রাউন্ডে গত আসরের সেমি-ফাইনালিস্ট মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। এই জয়ে মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছে মাসুদ পারভেজ কায়সারের দল। গত মৌসুমের ফুটবল লিগে তৃতীয় হওয়া ফর্টিসের চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ ছিল না। কিন্তু বসুন্ধরা কিংস ও আবাহনীর উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় দুয়ার খুলে যায় তাদের সামনে। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতিও দলটি রাখল উজবেকিস্তানের শক্তিশালী দলটিকে বিদায় করে দিয়ে। দ্বাদশ মিনিটে দারুণ সুযোগ পায় ফর্টিস। বাম দিক দিয়ে আক্রমণে ওঠা মোহাম্মদ ইব্রাহিম দারুণ থ্রু পাস বাড়ান স্টিফেন চুকউডকে। কিন্তু ডান দিক ফাঁকায় থাকায় এই নাইজেরিয়ান তালগোল পাকিয়ে বলের নিয়ন্ত্রণই নিতে পারেননি। ২১তম মিনিটে পা ওমার বাবু বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন। দ্রুত গোলকিপার কাছের পোস্ট আগলে দাঁড়ালে শট নেওয়ার জায়গা সংকুচিত হয়ে যায়। ওমারের শট গোলকিপারকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফেরে। ৩০তম মিনিটে ওমারের শট পোস্টের অনেক উপর দিয়ে যায়। এ অর্ধে মুরাস পারেনি নিজেদের মেলে ধরতে। বিরতির পর দুই দলের খেলায় গতি বাড়ে। মুরাসের কয়েকটি আক্রমণ ফিরিয়ে দেওয়ার পর ফর্টিস এগিয়ে যায় ৫২তম মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে মাঝমাঠের একটু উপর থেকে ছুটতে থাকেন ওমার, এক ডিফেন্ডারকে কাটিয়ে সুযোগ বুঝে বাড়ান থ্রু পাস। প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন ইব্রাহিম। একটু পরই ইসা জালোর শট গ্লাভসের টোকায় কোনমতে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন মুরাস গোলকিপার। ৭৪তম মিনিটে এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টি পায় মুরাস। আতাবায়েভ এরবোলের শটে সুজন পেরেইরাকে ফাঁকি দিলেও পোস্টে লেগে ফিরে। হতাশায় মুখ লুকান উজবেকিস্তানের মিডফিল্ডার। শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে মুরাস। ফর্টিস মনোযোগী হয় ইব্রাহিমের গোলটি আগলে রাখার দিকে। বাকিটা সময় পার করে দিয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশের দলটি।