ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে একটি ম্যাচে ৫৩টি লাল কার্ড! অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলে ঘটেছে এমনই ঘটনা। অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ম্যাচে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড এটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে স্থানীয় অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে ৩-১ গোলে এগিয়ে থাকার সময় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় রেফারিকে। রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তোর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় দুই দলের ৪০ জন খেলোয়াড় ও আটজন টিম কর্মকর্তা লাল কার্ড দেখেছেন। এর আগে ম্যাচে আরও তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়েছিল। পাশাপাশি উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দুই দল আতলেতিকো ক্লায়পোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল। ব্রাজিলের ম্যাচটি সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। রেফারির প্রতিবেদনে সংঘর্ষের সূত্রপাতের কারণও উঠে এসেছে। মামোরের খেলোয়াড় দাভি দলের তৃতীয় গোল উদ্যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস মাঠে ঢুকে দাভির মুখোমুখি হন। এরপরই দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেফারি আরও অভিযোগ করেছেন, সংঘর্ষের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের সহিংসতার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচের উত্তেজনা অবশ্য মাঠেই সীমাবদ্ধ থাকেনি। ঘটনার পর দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি ভাঙচুরের অভিযোগ উঠেছে। উবেরলান্দিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামোরের সরঞ্জাম নষ্ট করার অভিযোগ রয়েছে। অন্যদিকে মামোরের দলের সদস্যদের বিরুদ্ধে স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। একটি ফুটবল ম্যাচের উত্তেজনা কীভাবে ভয়াবহ সংঘর্ষে রূপ নিতে পারে, ব্রাজিলের এই ঘটনা তারই নজির। আর ৫৩টি লাল কার্ডের ঘটনা জায়গা করে নিয়েছে ফুটবলের অদ্ভুত ও বিস্ময়কর রেকর্ডের পাতায়।