প্রকাশ :: ... | ... | ...

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে


সংযুক্ত ছবি

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ বহু বছর ধরেই দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার অবশ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, একই ম্যাচে দেখা যেতে পারে ফুটবলের দুই মহাতারকাকে। তাঁদের এক মঞ্চে আনার উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজ। তেভেজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা চলছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোকা জুনিয়র্সের কিংবদন্তি স্টেডিয়াম লা বোম্বোনেরাতেই হতে পারে এই বিশেষ ম্যাচ। তেভেজ তাঁর শৈশব ও ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব বোকা জুনিয়র্সের সভাপতি এবং সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। রিকেলমে তাতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। ম্যাচটি আগামী ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ১২, ১৩, ১৯ অথবা ২০ ডিসেম্বর বিবেচনায় রাখা হয়েছে। তবে বোকা জুনিয়র্সের মৌসুমের শেষ ভাগের সূচি বিবেচনা করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। এই বিদায়ী ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন মেসি ও রোনালদো। তেভেজের ক্যারিয়ারের ভিন্ন দুই অধ্যায়ের সতীর্থ ছিলেন তাঁরা। মেসির সঙ্গে দীর্ঘ সময় আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন তেভেজ। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। অন্যদিকে রোনালদোর সঙ্গে তেভেজের সম্পর্ক গড়ে ওঠে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত একই দলের আক্রমণভাগে খেলেছেন তাঁরা। ওই সময়ে ইউনাইটেড পরপর দুইবার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতে। মেসি ও রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলেও তেভেজের সঙ্গে দুজনেরই রয়েছে সতীর্থ হিসেবে খেলার স্মৃতি। নিজের বিদায়ী ম্যাচে সেই দুই তারকাকে একই মাঠে নামানোর পরিকল্পনা তাই বাড়তি আগ্রহ তৈরি করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেভেজ তাঁর বিদায়ী ম্যাচে ক্যারিয়ারের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন সাবেক সতীর্থ, বন্ধু ও তারকাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। ফলে ম্যাচটি শুধু মেসি-রোনালদোর উপস্থিতির কারণেই নয়, সাবেক তারকাদের মিলনমেলা হিসেবেও বিশেষ হয়ে উঠতে পারে। তেভেজের নিজের ক্যারিয়ারও এমন একটি তারকা সমাবেশের জন্য যথেষ্ট বর্ণিল। বোকা জুনিয়র্সের পাশাপাশি তিনি খেলেছেন করিন্থিয়ান্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ক্লাবে। বোকা জুনিয়র্সের হয়ে তিন দফায় ২৭৯ ম্যাচে ৯৪ গোল করেছেন তিনি এবং জিতেছেন ১১টি শিরোপা। ২০২২ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হন তেভেজ। তবে বোকা সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। এবার সেই অপূর্ণতা পূরণ করতেই লা বোম্বোনেরায় নিজের শেষ ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছেন ৪২ বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন তারকা। মেসি ও রোনালদো শেষ পর্যন্ত ম্যাচটিতে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তেভেজের পরিকল্পনা বাস্তবায়িত হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুই তারকাকে একই মাঠে দেখার সুযোগ পেতে পারেন দর্শকেরা।