প্রকাশ :: ... | ... | ...

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর


সংযুক্ত ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক । ছবি: সংগৃহীত

আসন্ন ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রস্তুতি ও প্রশিক্ষণের অগ্রগতি পর্যালোচনা করতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন। সভায় দেশের ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে কঠোর নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ধরনের তদবির বা অসঙ্গতি নয়, সম্পূর্ণ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কেবল সেরা পারফর্মারদেরই এশিয়ান গেমসের দলে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যেকোনো প্রতিযোগিতায় কেবল অংশগ্রহণই মূল লক্ষ্য হওয়া উচিত নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে পদক জয়ের মানসিকতা নিয়ে লড়াই করতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দলের প্রস্তুতি, মোট খেলোয়াড় ও অফিশিয়ালদের সংখ্যা এবং তাদের ভ্রমণের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে ফেডারেশনগুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়। দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন পদের অসঙ্গতি ও ফেডারেশনের সাধারণ সম্পাদকদের হঠাৎ করে কোচ হিসেবে যাওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, যিনি সারা বছর খেলোয়াড়দের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন, তাঁকেই কেবল আন্তর্জাতিক অঙ্গনে কোচের দায়িত্ব নিয়ে যেতে হবে। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এশিয়ান গেমসের প্রস্তুতির পাশাপাশি ঢাকা ও কমলাপুর স্টেডিয়ামপাড়াসহ দেশের সব স্টেডিয়ামের পরিবেশ খেলাধুলাবান্ধব করে তোলার নির্দেশ দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক নির্দেশ দিয়ে মাঠের পরিবেশ ফেরানো সম্ভব নয়; এজন্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।