প্রকাশ :: ... | ... | ...

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়


সংযুক্ত ছবি

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ- ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার বন্যা আক্তার, মোসা: কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস। ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে বুলেভা মিলানা, রেইসোভা এলমিরা ও জাকিসলিক আয়াজানকে নিয়ে গঠিত কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা। এই অর্জন বাংলাদেশের আর্চারির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য। এই স্বর্ণপদক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্চারদের দক্ষতা, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।