ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই ছয়টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে সাঁতারে পাঁচটি ও ডাইভিংয়ে একটি রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা। আজ মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা। প্রথম দিনে সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রথম দিন শেষে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থা ও বাহিনীর ৭৯টি দল অংশ নিচ্ছে। এতে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারুসহ মোট ৫৭২ জন সাঁতারু রয়েছেন। এ ছাড়া ১০৮ জন দলীয় কর্মকর্তা ও ১২০ জন মিট কর্মকর্তা মিলিয়ে সংশ্লিষ্টদের মোট সংখ্যা ৮০০। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।