চাচা ফাবিয়ান পাজের দাবি, মেসির বিদায়ী অনুষ্ঠানে আবেগাপ্লুত সেলিয়া কুচিত্তিনি নিকোর হাত ধরে এ কথা বলেন; উত্তরসূরি হওয়ার চাপ নিতে চান না তরুণ আর্জেন্টাইন লিওনেল মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম। এবার জানা গেল, মেসির মা সেলিয়া কুচিত্তিনি নিজেই নাকি এই তরুণকে ছেলের উত্তরসূরি হিসেবে অভিহিত করেছেন। নিকোর চাচা ফাবিয়ান পাজের দাবি, মেসির বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে সেলিয়া তাঁকে বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ আর্জেন্টিনার হয়ে সাম্প্রতিক সময়ে নজরকাড়া পারফরম্যান্স করছেন ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর এই ফুটবলার। তাঁর খেলার ধরন, সৃজনশীলতা ও গোল করার সামর্থ্য তাঁকে মেসি-পরবর্তী আর্জেন্টিনা দলের সম্ভাব্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আলোচনায় এনেছে। ফাবিয়ান পাজ রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটি তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসির জাতীয় দলকে বিদায় জানানোর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ উপস্থিতি। ফাবিয়ান বলেন, তিনি যখন মেসির বিদায়ী অনুষ্ঠানে নিকোর সঙ্গে দেখা করতে যান, তখন নিকো ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা সেলিয়া কুচিত্তিনি আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাঁকে আগে থেকেই চিনত। তাই কাছে গিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় সেলিয়া নিকোর হাত ধরে বলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ মেসির মায়ের মুখে এমন কথা শুনে নিকো বিস্মিত হয়ে পড়েছিল বলে জানান তাঁর চাচা। ফাবিয়ানের বর্ণনায়, ঘটনাটি নিকোর কাছে ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। মেসির মতো একজন কিংবদন্তির পরিবারের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া তার জন্য বিশেষ মুহূর্ত হয়ে থাকবে। তবে মেসির উত্তরসূরি হওয়ার বিষয়টি নিকোর কাছে বড় কোনো লক্ষ্য নয় বলে জানিয়েছেন ফাবিয়ান। তাঁর মতে, নিকো শান্ত ও বিনয়ী স্বভাবের। মেসির জায়গা নেওয়ার চাপ বা প্রত্যাশা নিয়ে সে ভাবতে চায় না। বরং মেসির সঙ্গে দেখা করা এবং একই দলে তাঁর সঙ্গে খেলার সুযোগ পাওয়াই নিকোর কাছে ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। ফাবিয়ানের ভাষায়, নিকোর কাছে মেসির সঙ্গে কাটানো সময় ছিল যেন নিজের হাতে আকাশ ছোঁয়ার মতো। আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ এবং জাতীয় দলের প্রতিনিধিত্ব করাকেই সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নিকোর ওপর প্রত্যাশার চাপ তুলনামূলক কম থাকার আরেকটি কারণ হিসেবে আর্জেন্টিনার বাইরে তাঁর বেড়ে ওঠা ও বসবাসের বিষয়টি উল্লেখ করেছেন ফাবিয়ান। তাঁর মতে, আর্জেন্টিনায় ফুটবল শুধু খেলা নয়, এটি মানুষের আবেগ ও পরিচয়ের অংশ। ফলে দেশটিতে জাতীয় দলের খেলোয়াড়দের ঘিরে যে প্রত্যাশা ও উন্মাদনা তৈরি হয়, বিদেশে বেড়ে ওঠা নিকো এখনো সেটিকে ভিন্নভাবে দেখছে। নিজেও ১০ নম্বর জার্সির উত্তরাধিকার নিয়ে খুব একটা ভাবতে চান না নিকো। তাঁর আগে আর্জেন্টিনার এই জার্সি গায়ে খেলেছেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা, লিওনেল মেসি, মারিও কেম্পেস ও হুয়ান রোমান রিকেলমের মতো কিংবদন্তি। এই জার্সির সঙ্গে জড়িয়ে আছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দীর্ঘ গৌরব ও আবেগ। নিকোর বক্তব্য, তিনি ভবিষ্যতে ১০ নম্বর জার্সি পাবেন কি না, তা নিয়ে চিন্তা করেন না। বরং প্রতিটি দিন উপভোগ করতে, মাঠে আনন্দ নিয়ে খেলতে এবং জাতীয় দলের হয়ে দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চান। ফুটবল খেলতে ভালোবাসেন বলেই খেলাটিকে উপভোগ করে যেতে চান তিনি। মেসির বিদায়ী ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন নিকো। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচে মেসি গোল করার পাশাপাশি সতীর্থদের গোলেও অবদান রাখেন। ৩-০ ব্যবধানের জয়ে মেসির বিদায় যেমন স্মরণীয় হয়ে ওঠে, তেমনি নতুন প্রজন্মের একজন ফুটবলার হিসেবে নিকোর উপস্থিতিও আলোচনায় আসে। নিকো পাজ বর্তমানে ইতালির ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা এই আর্জেন্টাইন মিডফিল্ডার ২০২৪ সালে কোমোতে যোগ দেন। পরে দুই ক্লাবের মধ্যে নতুন চুক্তির মাধ্যমে কোমো তাঁর স্বত্বের পূর্ণ অধিকার নেয়। তবে ২০২৭ সালের গ্রীষ্মে ৮ কোটি ইউরোর বিনিময়ে নিকোকে ফিরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে রিয়াল মাদ্রিদ। এই শর্ত কার্যকর করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি স্প্যানিশ ক্লাবটি। মেসির উত্তরসূরি হিসেবে নিকোকে নিয়ে আলোচনা বাড়লেও তাঁর নিজের অবস্থান স্পষ্ট—কিংবদন্তির সঙ্গে তুলনার বোঝা নয়, নিজের খেলাটাই উপভোগ করতে চান তিনি। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ভবিষ্যতে কার গায়ে উঠবে, তা সময়ই বলে দেবে। আপাতত মেসির মায়ের সেই আবেগঘন মন্তব্য নিকোকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।