২০২৫-২৬ মৌসুমে ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছে জার্মান জায়ান্টরা। শনিবার মিউনিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। গত মৌসুমের তুলনায় বায়ার্নের রাজস্ব বেড়েছে প্রায় এক কোটি ইউরো। তবে কর-পূর্ব মুনাফা কিছুটা কমেছে। ২০২৫-২৬ মৌসুমে এ খাতে ক্লাবটির আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে যা ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো। সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর মধ্য দিয়ে ক্রীড়াজগতেও বিরল এক মাইলফলক স্পর্শ করেছে বায়ার্ন। বিশ্বে প্রথম ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটাধিকার রয়েছে। গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে ক্লাবটির সদস্য ছিল আড়াই লাখ। চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখের বেশি। মাঠের পারফরম্যান্সেও সফল মৌসুম কাটিয়েছে বায়ার্ন। ২০২৫-২৬ মৌসুমে লিগ ও কাপ—দুই শিরোপাই জিতেছে পুরুষ দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে তারা। ইউরোপীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছিল জার্মান জায়ান্টরা। তবে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে তারাও পুরুষ দলের সাফল্যের পুনরাবৃত্তি করে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে তাদেরও বিদায় নিতে হয়। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’ ৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়। বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি। বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চার প্রতিষ্ঠান—অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে। প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটিরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।