বাংলাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মেয়েদের ও তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার বিষয়টি ছিল এ আয়োজনের অন্যতম গুরুত্ব। সোমবার (৯ নভেম্বর) ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের এক বার্তায় তাঁর বিকেএসপি সফরের তথ্য জানানো হয়। সফরকালে সোফি তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং ক্রীড়াঙ্গনে তাঁদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হয়। খেলাধুলা কেবল প্রতিযোগিতা বা শারীরিক সক্ষমতা অর্জনের ক্ষেত্র নয়; এটি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণ বিকাশেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মেয়েদের জন্য খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়লে তাঁদের দক্ষতা বিকাশ এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিকেএসপিতে নারী হকি খেলোয়াড়দের সঙ্গে ডাচেসের সাক্ষাতের মধ্য দিয়ে এ বিষয়গুলো সামনে এসেছে। বাংলাদেশে নারী ও তরুণীদের ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে ডাচেসের এবারের সফরসূচি। ৯ থেকে ১১ নভেম্বরের তিন দিনের সফরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছেন। সফরের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তার বিষয়গুলো তুলে ধরা। বিকেএসপি সফরের পাশাপাশি ডাচেসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) যাওয়ার কর্মসূচি রয়েছে। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সম্পর্কে জানার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার কথা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে খেলাধুলার বাইরে জনজীবন ও আন্তর্জাতিক অঙ্গনেও নারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণদের সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রমও দেখবেন ডাচেস। বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারের সুরক্ষা ও সহায়তা, শরণার্থী জনগোষ্ঠীর নেতৃত্ব ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তির উদ্যোগ সম্পর্কে জানার কথা রয়েছে তাঁর। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে এ সফর করছেন সোফি। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরে নারী ও তরুণীদের কল্যাণ, শিক্ষা, শান্তিরক্ষা এবং মানবিক সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।