প্রকাশ :: ... | ... | ...

বিগব্যাশে মুস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন


সংযুক্ত ছবি

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুধু মাঠের লড়াই নয়, তাঁকে ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। বিগ ব্যাশের ১৬তম আসরে রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ‘দ্য ফিজ’ নামে পরিচিত মুস্তাফিজ টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে ৪০০টিরও বেশি উইকেট শিকার করেছেন। মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য আয়োজন করা হবে ‘দ্য ফিজ বে’। লাল-সবুজের সমর্থকদের এক জায়গায় জড়ো করে গ্যালারিতে বাংলাদেশের উপস্থিতি ও উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। শুধু বিশেষ গ্যালারি নয়, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে টিকিটে ছাড়ও। ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়। বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজও রোমাঞ্চিত। রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো খেলতে মুখিয়ে আছেন তিনি। ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামাকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশের এই পেসার। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তাঁর লক্ষ্য। মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মুস্তাফিজকে নিয়ে আশাবাদী। তাঁর বিশ্বাস, অভিজ্ঞ এই পেসারের বোলিং দক্ষতা এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সামর্থ্য দলের শক্তি বাড়াবে। আইএল টি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করেই রেনেগেডস শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই তারকা পেসারের। কাটারের জাদুতে আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার প্রতিপক্ষ ব্যাটারদের বিভ্রান্ত করেছেন মুস্তাফিজ। এবার তাঁর সেই বোলিং-জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন। একই সঙ্গে এমসিজির গ্যালারিতে লাল-সবুজের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।