প্রকাশ :: ... | ... | ...

বিশ্বকাপের আগেই মাঠে ফিরছেন মেসি


সংযুক্ত ছবি

অনুশিলনে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

বৈশ্বিক আসরের মূল লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে এই মহাতারকাকে খেলাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিশ্ব সেরার মুকুট ধরে রাখার অভিযানে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ লিওনেল স্কালোনি। তবে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ তাকে দেবেন আর্জেন্টিনা কোচ। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে এই মহাতারকাকে খেলাবেন তিনি। বাংলাদেশ সময় বুধবার সকালে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে খেলানোর নিশ্চয়তা দিলেও, তাকে কতক্ষণ মাঠে রাখবেন, তা জানেন না স্কালোনি। সোমবার সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ বলেন, “মেসি খেলবে (আইসল্যান্ডের বিপক্ষে), তবে কত মিনিট খেলবে আমি জানি না। আজকের অনুশীলনে তার সঙ্গে কথা বলতে হবে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে আমরা দেখব তাকে কতক্ষণ খেলানো যায়। সিদ্ধান্ত পরে নেব, তবে আপাতত সে খেলবে।” বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচে গত ২৪ মে ৭৩তম মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। একটি ফ্রি কিক নেওয়ার পর তিনি বাঁ ঊরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন। পরের কিছুটা সময় তিনি ঠিকমতো দৌড়াতে পারছিলেন না। এক পর্যায়ে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে উঠে যান। পরে মায়ামি বিবৃতি দিয়ে জানায়, বাঁ হ্যামস্টিংয়ে চোট পেয়েছেন মেসি। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অগ্রগতি নিয়ে ছিল অনেক কৌতূহল। গত শনিবার হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বেঞ্চে বসে ছিলেন এই ফুটবলার। ওই ম্যাচের আগে অবশ্য গা গরম করতে দেখা যায় তাকে। স্কালোনি এর আগে জানিয়েছিলেন, গত শুক্রবার থেকেই দলের বাকিদের সঙ্গে আংশিক অনুশীলন শুরু করেছেন মেসি। এবার বললেন, আসছে ম্যাচে তাকে খেলানোর কথা। তবে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না কোচ, যেকোনো ধরনের অপ্রত্যাশিত চোট এড়াতে আগামীকাল যারা মাঠে নামবে, তাদের খেলার সময় আমরা ভাগ করে দেব।” নিকো পাস, নাহুয়েল মলিনা ও গন্সালো মতিয়েলকেও আইসল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন স্কালোনি। চোটের কারণে এই তিন জন এতদিন আলাদাভাবে অনুশীলন করছিলেন। হুলিয়ান আলভারেস ও লেয়ান্দ্রো পারেদেসের চোটের অবস্থা নিয়েও কথা বলেন আর্জেন্টিনা কোচ, ‘হুলিয়ান আলভারেস ভালো আছে। তার অ্যাঙ্কেলে যে অস্বস্তি ছিল, সেটা কেটে গেছে। পারেদেস ভালো অবস্থায় আছে, আগামী কয়েকদিনের মধ্যে সে দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারবে।” পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া লিওনার্দো বালের্দির বদলি হিসেবে এখনও কাউকে দলে যোগ করেননি স্কালোনি। মার্সেইয়ের ডিফেন্ডার গত বৃহস্পতিবার জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান, ‘আগামীকাল ম্যাচের পর তার বিকল্প নিয়ে আরও পরিষ্কার ধারণা পাব। বালের্দির জায়গা পূরণের মতো খেলোয়াড় আমাদের আছে, তবে চোটাক্রান্ত বাকি খেলোয়াড়দের অগ্রগতির ওপর ভিত্তি করে আমরা অন্য বিকল্প নিয়েও ভাবছি।” আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।