যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই নতুন এক বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপসহ বৈশ্বিক প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে সংস্থাটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রাথমিকভাবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায় সংস্থাটি। জানা গেছে, এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস ও দ্য টাইমস জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ব্যক্তিগতভাবেও আর্থিকভাবে লাভবান হতে পারেন বলে অভিযোগ উঠেছে। কী থাকছে নতুন পরিকল্পনায় ফিফার প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে এফএফই। তবে প্রতিযোগিতা পরিচালনা, ম্যাচ সূচি, নিয়ম-কানুন এবং ফুটবল-সংক্রান্ত সব সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে বলে দাবি করেছে সংস্থাটি। প্রস্তাবটি অনুমোদিত হলে প্রতিটি সদস্য দেশ চার বছরের চক্রে সর্বোচ্চ ৪ কোটি ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাবে, যার মধ্যে ২ কোটি ডলার এককালীন দেওয়া হবে। আর প্রস্তাব প্রত্যাখ্যান করলে সেই সহায়তা কমে ১ কোটি ডলারে নেমে আসবে। এ পরিকল্পনা কার্যকর করতে হলে ফিফা কাউন্সিল এবং ২১১টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে। উয়েফার আপত্তি ফিফার এই পরিকল্পনা প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিষয়টি নিয়ে ৫৫ সদস্য দেশের সঙ্গে জরুরি বৈঠকও ডেকেছে সংস্থাটি। উয়েফার বক্তব্য, ফুটবল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ নয় এবং বিশ্বকাপের মালিকানা বাণিজ্যিকভাবে বিক্রি করা উচিত নয়। প্রয়োজনে ফিফার টুর্নামেন্ট বর্জনের মতো কঠোর সিদ্ধান্তও বিবেচনায় আনা হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলো যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন ও প্রতিযোগিতার মান—উভয়ই বড় ধরনের সংকটে পড়তে পারে। ইনফ্যান্তিনোর ব্যাখ্যা বিতর্কের মুখে ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। তিনি বলেন, "ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ একটি প্রস্তাব মাত্র। এটি গণতান্ত্রিক আলোচনার অংশ এবং সদস্যদের জন্য একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।" তিনি আরও দাবি করেন, ফুটবলের উন্নয়নে যেসব খাতে সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন, বর্তমানে সেখানে পর্যাপ্ত বাণিজ্যিক আয় পৌঁছায় না। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।