পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে ভাবতে চায় না দলটি। বরং মাঠে ভালো ফুটবল খেলাই তাদের মূল লক্ষ্য। এমনটাই জানিয়েছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুসা স্বীকার করেন, ভারতীয় সুপার লিগ (আইএসএল) চলমান থাকা এবং নিউজিল্যান্ড সফরের পরিকল্পনার কারণে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি দল। এ কারণে তুলনামূলক তরুণ দল নিয়ে আঞ্চলিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত। মুসা বলেন, ‘আমি একটি তরুণ দল নিয়ে এসেছি। এর কারণ, নিউজিল্যান্ডে আমাদের একটি প্রীতি সফরও রয়েছে, যেখানে অন্য একটি দল দুটি ম্যাচ খেলবে। তবে চাপের কথা বললে, আমি চাপ উপভোগ করি। চাই, আমার খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলুক।’ ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারানোসহ অতীতে ভারতের আধিপত্যের প্রসঙ্গ উঠলে প্রতিপক্ষকে খাটো করে না দেখার সতর্কবার্তা দেন মুসা। তিনি বলেন, ‘পাকিস্তান এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলছে। এমনকি কেউ কেউ সেখানকার চতুর্থ বা পঞ্চম বিভাগের ক্লাবেও রয়েছে। তাদের শক্তিশালী দল আছে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। অবশ্যই আমরা ম্যাচটি জিততে চাই।’ উদ্বোধনী ম্যাচের কৌশলগত পরিকল্পনা প্রকাশ করতে রাজি হননি ভারতের কোচ। তবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেজও চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তাঁর মতে, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত দল। ভারত-পাকিস্তান দ্বৈরথ বাড়তি চাপ তৈরি করবে কি না, এমন প্রশ্নে নাথান বলেন, এটি বরং খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। ‘এখানে কোনো চাপ নেই। তবে নিজেদের সেরাটা দিতে এবং মাঠে সর্বস্ব উজাড় করে খেলতে অনুপ্রেরণা থাকবে। আশা করি, আমরা ভালো ফল পাব।’ এদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজীও প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, কিছু লজিস্টিক সমস্যা ও খেলোয়াড়দের দলের সঙ্গে যোগ দিতে বিলম্ব হওয়া সত্ত্বেও পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্প সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য তাঁরা প্রস্তুত। উদ্বোধনী ম্যাচটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে আলমগীর বলেন, ভালো ফুটবল খেলে টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করতে চায় তাঁর দল।