বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।
ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন। তার ভাষায়, “উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেন— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে আমার দিকটাও তো দেখতে হবে।’ এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই।”
জাহানারার দাবি, শুধু কথাবার্তাই নয়, ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেকের সময়ও তিনি অনুচিতভাবে আলিঙ্গন করতেন।
তিনি আরও বলেন, “দেড় বছরে অসংখ্যবার বিষয়টি জানিয়েছি আমাদের নারী উইংয়ের তৎকালীন প্রধান নাদেল স্যারকে। কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা মঞ্জুরুল ইসলামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।