গত বছর শুরু থেকেই কার্লো আনচেলত্তিকে ছাড়া কিছু বোঝেনি ব্রাজিল। রব উঠেছিল, ব্রাজিলকে ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জেতানোর মতো কোনো কোচ থাকলে সেটা আনচেলত্তিই। ইতালিয়ান কোচকে ব্রাজিল পেয়েছে গত বছরের মে মাসে। সেই সময়ের স্মৃতি কি মনে আছে?তখন ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, তাঁদের জাতীয় দলে আনচেলত্তিই সবচেয়ে বড় তারকা। কিন্তু ফুটবলের মাঠে মনমতো ফল না মিললে ব্রাজিলিয়ানদের মন ঘুরে যেতে যে সময় লাগে না, সেটাও এখন বোঝা যাচ্ছে আনচেলত্তির বর্তমান পরিস্থিতি দেখে।ব্রাজিলে আনচেলত্তির জনপ্রিয়তা এখন তলানিতে।.কারণ কমবেশি সবার জানা। আনচেলত্তিকে কোচ বানিয়ে নিয়ে আসার পেছনে ব্রাজিলিয়ানদের ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ে। মাত্র এক বছরে জাতীয় দল পুনর্গঠন করে বিশ্বকাপ যে জেতা যায় না, সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন আনচেলত্তি। এ কারণে ২০২৬ বিশ্বকাপের আগেই তাঁর সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কিন্তু জাতীয় দলের বর্তমান হাল দেখে অ্যানচেলত্তিকে ঘিরে ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা ব্রাজিলিয়ানদের সংখ্যা ক্রমে কমছে।.বরং তাঁকে ছাঁটাইয়ের দাবি উঠেছে। সেই দাবিটা জোরেশোরে তুলেছেন স্বয়ং ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। ব্রাজিলের অনেকেরই সায় আছে তাতে। তবে রোমারিওর দাবি আলাদা একটা প্রভাব ফেলেছে জাতীয় দলের ভক্তদের ওপর।গুগল ট্রেন্ডস বলছে, গত শনি ও রোববারের মধ্যে প্ল্যাটফর্মটিতে আনচেলত্তিকে নিয়ে সবচেয়ে বেশি খোঁজা ১০টি বিষয়ের মধ্যে ৪টিই ছিল তাঁর সম্ভাব্য বরখাস্ত হওয়া নিয়ে। সপ্তাহান্তে তাঁর নাম জড়িয়ে সার্চ ট্রেন্ডে সবচেয়ে দ্রুত উঠে আসা ১০টি বিষয়ের মধ্যে ৮টি ছিল তাঁর চাকরি হারানোর গুঞ্জন নিয়ে। এক বছর পাঁচ মাস আগে ব্রাজিলে যাওয়ার পর অ্যানচেলত্তির জনপ্রিয়তা একদম তলানিতে পৌঁছানোর মুহূর্তও সেটা।.একটি ভাইরাল ভিডিও ক্লিপ এবং ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া .ব্রাজিল কোচ হিসেবে এ পর্যন্ত ২১ ম্যাচে দায়িত্ব পালন করেছেন আনচেলত্তি। ১২ জয়, ৪ ড্র ও ৫টিতে হেরেছে দল। তাঁর ৬৩.৫ শতাংশ জয়ের হার আসলে তাঁকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশার সঙ্গে মানানসই নয়। যদিও এই হার তাঁর নিকটতম পূর্বসূরি কোচদের চেয়ে বেশি—১৬ ম্যাচে দরিভাল জুনিয়রের জয়ের হার ছিল ৫৮.৩ শতাংশ এবং ৬ ম্যাচে ফার্নান্দো দিনিজের ৩৮.৮ শতাংশ। তবে তিতের চেয়ে কম; ৮১ ম্যাচে ৮০.২ শতাংশ জয়ের হার নিয়ে ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিতে।আনচেলত্তির সাম্প্রতিক পরিসংখ্যানে তাকানো যায়। গত এক দশকে শুধু ইংলিশ ক্লাব এভারটনের কোচ হিসেবে ব্রাজিল কোচের দায়িত্বের চেয়েও খারাপ শুরু হয়েছিল তাঁর। এভারটনে প্রথম ২১ ম্যাচে তাঁর পয়েন্ট অর্জনের হার ছিল ৪৭.৬ শতাংশ। নাপোলিতে ৬৯.৮৪ শতাংশ, বায়ার্ন মিউনিখে ৭৬.২ শতাংশ ও রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ৭৯.৩ শতাংশ।.পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দেওয়ায় আনচেলত্তির আসলে ব্রাজিলে সমালোচনার জবাব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এ কারণেই সম্ভবত সিঙ্গাপুর ম্যাচের আগে গতকালের সংবাদ সম্মেলনে রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেল আনচেলত্তিকে।ব্রাজিল কোচ বলেন, ‘(কোচের) দায়িত্বটা নতুন। আমরা যেটা করছি, সেটা আমার ভালোই লাগছে। তবে আমার মূল্যায়ন হলো এটি যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং তা করব। আমাকে আরও উন্নতি করতে হবে। জাতীয় দলকে আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে আমাকে আরও কাজ করতে হবে। অনেক দিন ধরে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠতে পারিনি। জাতীয় দলকে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল বানাতে আমি আরও বেশি কিছু করতে চাই।’.আনচেলত্তিকে বরখাস্ত করো—ব্রাজিলের ফুটবলপ্রধানকে রোমারিও.রোমারিওর সমালোচনার জবাবে দেখা গেল গণতান্ত্রিক আনচেলত্তিকে, ‘এটা মতপ্রকাশের স্বাধীনতা, আর গণতান্ত্রিক দেশে সবারই মত দেওয়ার অধিকার আছে। রোমারিও তাঁর মত দিয়েছেন। মিথ্যা, সত্য কিংবা অর্থহীন যা-ই হোক না কেন, কথা বলার অধিকার সবার রয়েছে। সত্য হলো রোমারিও অনেক বেশি কথা বলেন এবং সেটা তাঁর অধিকার।’ফুটবল নিয়ে ব্রাজিলিয়ানদের আবেগ আসলে এমনই। সমর্থকদের চোখে আনচেলত্তির জন্য যে বিষয় নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে, তা হলো দলের পারফরম্যান্সের মান এবং ধারাবাহিকতার অভাব। আনচেলত্তি কোচের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত শুধু প্রীতি ম্যাচে সেনেগাল, দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ে ভালো খেলেছে ব্রাজিল এবং বিশ্বকাপে জাপানের বিপক্ষে পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক ছিল। বাকি সব ম্যাচে ফল যেটাই হোক না কেন, পারফরম্যান্সের মাপকাঠিতে হতাশই হয়েছেন ব্রাজিলিয়ানরা।.কৌশলগত দিক থেকে আনচেলত্তি প্রথম বছর কাটিয়েছেন দুই মিডফিল্ডার ও চার ফরোয়ার্ডের একটি ছক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে, যা গত বিশ্বকাপে কাজে আসেনি। তা সত্ত্বেও বিশ্বকাপের পর গত সেপ্টেম্বর–অক্টোবরে প্রথম আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও সেই একই ছকে অটল ছিলেন আনচেলত্তি।নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে গত শনিবার জাপানের বিপক্ষে ৩–২ গোলে হারের ম্যাচে সমস্যা হয়ে দাঁড়ায় ব্রাজিলের রক্ষণভাগ। ওপরে উঠে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে গোল খেয়েছে ব্রাজিল। শক্তিতে অনেক পেছানো সিঙ্গাপুরের বিপক্ষে আজ প্রীতি ম্যাচের ফল যা-ই হোক না কেন, ব্রাজিলের ২০২৬ মৌসুম শেষ হতে যাচ্ছে একরাশ অনিশ্চয়তা ও সংশয় নিয়ে।সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।