‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)–এর তৃতীয় আসরে অভিষেক হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নসের। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নসের দলে রয়েছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী। টুর্নামেন্টে বাংলাদেশের এটি প্রথম অংশগ্রহণ। ডব্লিউসিএলের এবারের আসরে বাংলাদেশসহ সাতটি দল অংশ নিচ্ছে। অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে গড়া দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। এরপর ৫ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিও শুরু হবে রাত সাড়ে ৯টায়। ৭ অক্টোবর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজাহর ওই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। এরপর ৯ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। ১১ অক্টোবর দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। আর লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের দলে অভিজ্ঞতার বড় অংশজুড়ে রয়েছেন মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই অলরাউন্ডারের সঙ্গে দলে রয়েছেন রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েসের মতো পরিচিত মুখ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আছেন স্কোয়াডে। অন্যদিকে এবারের আসরে অংশ নিচ্ছে বিশ্ব ক্রিকেটের একাধিক পরিচিত তারকার দল। বিভিন্ন দলের হয়ে শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলীর মতো সাবেক তারকারা থাকছেন। ৩ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর লিগ পর্ব শেষ হবে। ১৬ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ১৮ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। শারজাহ ও দুবাই—এই দুই ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।