প্রকাশ :: ... | ... | ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?


সংযুক্ত ছবি

২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন লিওনেল মেসি। এরপর ১৭ বছরে জার্সিটি মেসির পরিচয়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, এখন তার অবসরের পর কে এটি পরবেন—তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। জাতীয় দলের হয়ে ১৭২ ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছেন মেসি। তার আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন। মেসির অনুপস্থিতিতে অবশ্য বিভিন্ন সময়ে অন্য ১৭ জন খেলোয়াড়ও ১০ নম্বর জার্সি পরেছেন। সবচেয়ে বেশি সাতবার এটি পরেছেন সের্হিও আগুয়েরো। তবে মেসি না থাকায় ২৮টি ম্যাচে জার্সিটি খালি রাখা হয়েছিল। এবার মেসির অবসরের পর স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়ার পালা। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ সম্ভাব্য কয়েকজনের নাম সামনে এনেছে। তালিকায় অন্যতম অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরা এই মিডফিল্ডার সৃজনশীলতা ও মাঝমাঠ নিয়ন্ত্রণের দক্ষতায় এগিয়ে রয়েছেন। সম্ভাবনায় আছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন তিনি। তবে বয়স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে এখনই তার ওপর এত বড় দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এনজো ফার্নান্দেজ ও নিকোলাস পাজও আলোচনায় রয়েছেন। আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনজোর পাশাপাশি ভবিষ্যতের কথা বিবেচনায় ২১ বছর বয়সী পাজও হতে পারেন প্রার্থী। এ ছাড়া ইন্টার মিলানের ১০ নম্বর জার্সিধারী লাওতারো মার্তিনেজও রয়েছেন দৌড়ে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। তবে যিনিই ১০ নম্বর জার্সি পান, তাকে শুধু একটি নম্বর নয়, মেসির রেখে যাওয়া বিশাল ঐতিহ্য ও প্রত্যাশার ভারও বহন করতে হবে। কারণ আর্জেন্টিনার ১০ নম্বর এখন আর শুধু একটি সংখ্যা নয়—এটি মেসিরই প্রতিচ্ছবি। শু/আজা