রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব ক্লাব ও ক্রীড়া সংগঠনকে ঐক্যবদ্ধ করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার) আবাহনী ক্লাব মাঠে মোহামেডান ও আবাহনীর সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ম্যাচে তিনিও অংশ নেন। খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রদর্শনী ম্যাচটি পরিণত হয় সাবেক ফুটবলারদের মিলনমেলায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সাবেক খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আমিনুল হক বলেন, ‘স্বাধীনতার পর থেকে যখনই আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলেছি, তখনই প্রথমে এসেছে মোহামেডান ও আবাহনীর নাম। ঐতিহ্যগতভাবে এই দুটি ক্লাবের সমর্থকগোষ্ঠী অনেক শক্তিশালী। আমরা তাদের ঐতিহ্য সংরক্ষণ ও আরও সমৃদ্ধ করতে চাই।’ দুই ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার বার্তা দিতেই এ প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই, রাজনীতিকে পেছনে ফেলে সব ক্লাব, একাডেমি ও ক্রীড়া সংগঠন একসঙ্গে এগিয়ে যাক। মোহামেডান ও আবাহনীর ঐতিহ্য সমুন্নত রেখে বাংলাদেশের খেলাধুলা ও ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’ তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়ন, জেলা পর্যায়ে লিগ চালু এবং সারা দেশে সমর্থকভিত্তিক ক্লাবের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান আমিনুল। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, আনসার, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ইতোমধ্যে বিভিন্ন ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এসব বাহিনীও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। প্রস্তাবিত প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন তিনি। আগামী বছর প্রতিযোগিতাটি আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতিও পেয়েছেন। আমিনুল বলেন, ‘আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের আশা করছি। এতে উপমহাদেশ, এশিয়া এবং সম্ভব হলে ইউরোপের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। দেশের ফুটবল ঐতিহ্য ধরে রাখতে আমরা একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে নিয়মিত বার্ষিক আয়োজনে পরিণত করতে চাই।’ দেশে স্বীকৃত ফুটবল একাডেমির অভাব এবং ফুটবলের উন্নয়নে দুর্বল কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল বলেন, খেলাটির ভিত্তি শক্তিশালী করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। দায়িত্ব গ্রহণের প্রথম নয় মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে খেলার মাঠ নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং পাঠ্যবইয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক ফুটবলার হিসেবে ফুটবলের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বুঝতে পারছি, একাডেমি প্রতিষ্ঠা এবং গ্রাম, বাজার, উপজেলা ও জেলা পর্যায়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়া ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।’ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার জন্য নির্দেশিকা তৈরি করেছে বলেও জানান তিনি। আমিনুল বলেন, ‘ক্লাবগুলোর জন্য একাডেমি ও খেলার মাঠ বাধ্যতামূলক করা, বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করা এবং ফুটবল উন্নয়নে একটি টেকসই কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের কিছুটা সময় দিন। ইনশাআল্লাহ, ধীরে ধীরে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করে, তা বাস্তবায়ন করব।’