গোলের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান থাকলেও অন্য এক অসাধারণ রেকর্ডের খুব কাছে পৌঁছে গেছেন লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৪০০ অবদানের মাইলফলক থেকে আর মাত্র ৩৫টি দূরে আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটিতে সহায়তা করেন মেসি। চলতি মৌসুমে তার গোল এখন ২৬টি, অ্যাসিস্ট ১৩টি। ৩৯ বছর বয়সেও মেসির অবিশ্বাস্য পরিসংখ্যান থেমে নেই। ক্যারিয়ারে ১ হাজার ১৮৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯৩৭। অর্থাৎ, গড়ে প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। তবে গোলের চেয়েও মেসিকে এগিয়ে রেখেছে তার অ্যাসিস্টের সংখ্যা। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২৮টি গোলে সতীর্থদের সহায়তা করেছেন ইন্টার মায়ামি অধিনায়ক। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার মোট অবদান ১ হাজার ৩৬৫টি। গড়ে প্রতি ৭১ মিনিটে একটি করে গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। আর ৩৫টি অবদান রাখতে পারলেই ছুঁয়ে ফেলবেন ১ হাজার ৪০০-এর অনন্য মাইলফলক। সাম্প্রতিক ফর্মও মেসির এই লক্ষ্য পূরণের সম্ভাবনা বাড়াচ্ছে। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির হয়ে শেষ ২৭ ম্যাচে ৩৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। অন্যদিকে, গোলের সংখ্যায় এখনও মেসির চেয়ে এগিয়ে রোনালদো। ১ হাজার ৩৪৩ ম্যাচে পর্তুগিজ তারকার গোল ৯৮৫টি। প্রতি ১১১ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। মেসির চেয়ে ৪৮ গোল বেশি নিয়ে গোলের দৌড়ে এগিয়ে আছেন আল নাসর অধিনায়ক। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ব্যবধানটা মেসির পক্ষেই। মেসির ১ হাজার ৩৬৫ গোল অবদানের বিপরীতে রোনালদোর সংখ্যা ১ হাজার ২৪৬। মূলত অ্যাসিস্টের বিশাল ব্যবধানই মেসিকে এই তালিকায় অনেকটা এগিয়ে রেখেছে।