অন্তিম মুহূর্তে গোল করে দলকে বাঁচান দমিনিক সোবোসলাই (মাঝে)। ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের এক চরম উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ম্যাচের নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে ডমিনিক সোবোসলাইয়ের সফল স্পট কিকে নিশ্চিত হার থেকে রক্ষা পায় অলরেডরা। এর মধ্য দিয়ে আন্দোনি ইরাওলার কোচিংয়ে নতুন অধ্যায় শুরু করল লিভারপুল। রোববার (২৩ আগস্ট) সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় লিভারপুল। পঞ্চম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গার দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিক নিউক্যাসল। প্রথমার্ধে এই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জমে ওঠে লড়াই। ৫৫ মিনিটে দূরপাল্লার জোরালো শটে লিভারপুলকে ১-১ সমতায় ফেরান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। তবে সেই স্বস্তি স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৫৭ মিনিটে একক নৈপুণ্যে গোল করে নিউক্যাসলকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার জো উইলক। ম্যাচ যখন নিউক্যাসলের জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের একদম শেষ মুহূর্তে নাটকীয়তার জন্ম হয়। ইনজুরি টাইমে ডি-বক্সে লিভারপুলের অভিষিক্ত উইঙ্গার ভিক্টর মুনিয়োজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ভিজিটররা। যোগ করা সময়ের নবম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলের পরাজয় এড়ান হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। শেষ পর্যন্ত অলরেডরা পরাজয় এড়ালেও, প্রথম ম্যাচেই প্রকাশ পাওয়া রক্ষণের জঘন্য রূপ ভাবনায় ফেলবে কোচ ইরাওলাকে। ম্যাচ শুরুর আগে সম্প্রতি ৭৫ বছর বয়সে প্রয়াত দুই ক্লাবেরই সাবেক তারকা কেভিন কিগানকে শ্রদ্ধা জানানো হয়।