প্রকাশ :: ... | ... | ...

সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায়


সংযুক্ত ছবি

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে বিধ্বস্ত হয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানে ১ রান করা ওপেনার এসকে জারিফ সিয়ামকে ফিরিয়ে দেন মোহাম্মদ সায়াম। এরপর ৯ রান করা কাওসার আহমেদকেও শিকার করেন তিনি। ফলে ২৫ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অপর ওপেনার আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। ফরিদ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে মুহির ব্যাট থেকে। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। তবে ফরিদের বিদায়ের পর ১ রান করা আহসান আল মুমিনও ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করার পর সাজঘরে ফেরেন মুহি। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। এরপর আল রাফি (২০) ও রাকিবুল হোসেন (২৬) ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের আধিপত্যের কাছে শেষ পর্যন্ত টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ পাঁচ উইকেট মাত্র ২৭ রানে হারিয়ে ১৩৮ রানেই গুটিয়ে যায় দল। পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। মোহাম্মদ সায়াম নেন ২ উইকেট। এ ছাড়া আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট শিকার করেন। জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। উদ্বোধনী জুটিতে ১২৮ রান যোগ করেন তাঁরা। ৭২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে রাবিউল হাসান অনিকের শিকার হন হায়াম। তবে তাঁর বিদায়ে ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। উসমান ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। আবদুল কাদির অপরাজিত থাকেন ৮ রানে। ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। হাতে ছিল ৯ উইকেট, বাকি ছিল ২৮.১ ওভার। এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে ব্যাটিং ব্যর্থতার হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।