প্রকাশ :: ... | ... | ...

সৌরভ ও ডরিয়েলটনের হ্যাটট্রিকে শেষ চারে মোহামেডান ও কিংস


সংযুক্ত ছবি

মোহামেডান ও বসুন্ধরা কিংস নিজ নিজ ম্যাচ জিতে ফেডারেশন কাপের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। মোহামেডানের সৌরভ ও কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন হ্যাটট্রিক করেন। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ। ৫ পয়েন্ট ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। পরের পর্বে ওঠার হাতছানি ছিল সবার সামনেই। শেষ পর্যন্ত সমান ৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে বসুন্ধরা কিংস গ্রুপ সেরা আর মোহামেডান রানার্সআপ হয়েছে। পারিশ্রমিক না পাওয়ায় লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা খেলেননি। আজ ফেডারেশন কাপে ব্রাজিলিয়ান ডরিয়েলটন একাই জিতিয়েছেন কিংসকে। তার চার গোলে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ৪-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লিড নেয়ার সুযোগ পেয়েছিল কিংস। ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি পুলিশের ফরোয়ার্ড পাওলো এনরিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি থেকে ডরিয়েলটন গোল করেন। ৫২ মিনিটে রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডরিয়েলটন। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা ডিঙিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৩০ মিনিট পর রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দিকে আরও এক গোল করেন তিনি। ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে মাঝমাঠ থেকে ক্রস বাড়ান কেকে। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জুয়েল। বিরতির পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। আরামবাগের ডিফেন্ডার কাজী রাহাত সতীর্থক বল দিতে গিয়ে মোহামেডানের সৌরভ পেয়ে হেডে গোল করেন। এর কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে নিচু জোরালো শটে আবার গোল করেন সৌরভ। ম্যাচের অন্তিম মুহূর্তে বাম পায়ের কোনাকুনি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সৌরভ।