প্রকাশ :: ... | ... | ...

হামজা-ফারহান কবে আসবেন ঢাকায়, শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা


সংযুক্ত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ এখনো দলের সঙ্গে যোগ দেননি। তাদের অপেক্ষায় থাকা সমর্থকদের সুখবর দিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন এই দুই ফুটবলার। তবে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে তাদের খেলানো সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শনিবার (৭ নভেম্বর) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও মিডফিল্ডার শেখ মোরসালিন। আমিরুল ইসলাম জানান, ফিফা উইন্ডোসহ বিভিন্ন কারণে দলের সঙ্গে যোগ দিতে না পারা হামজা ও ফারহান ৯ নভেম্বর ঢাকায় পৌঁছাবেন। সেদিনই তাদের অনুশীলনে দেখা যেতে পারে বলে আশা করছেন তিনি। তবে দুই ফুটবলারের শারীরিক অবস্থা ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের খেলানোর সিদ্ধান্ত নিতে হবে। প্রথম ম্যাচে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি শেখ মোরসালিনের। তবে পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী এই মিডফিল্ডার। হামজা ও ফারহান দলের সঙ্গে যোগ দিলে শক্তি ও মনোবল আরও বাড়বে বলে মনে করেন তিনি। মোরসালিন বলেন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই, ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল, আশা করছি সেটি আরও বাড়বে, ইনশা আল্লাহ।’ এদিকে প্রথম ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তার শারীরিক অবস্থা সম্পর্কে আমিরুল ইসলাম জানান, বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তপু। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ প্রয়োজন মনে করলে তাকে খেলানো হতে পারে। হামজা ও ফারহানের যোগ দেওয়ার অপেক্ষার পাশাপাশি তপুর চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা—সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দল গঠনে কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশ কোচিং স্টাফকে।