প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লেখার পথেই ছিল পোল্যান্ড। দুইবার ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে ওঠার আশা করেছিল জোরাল। কিন্তু শেষে সবকিছু ভেস্তে যাওয়ায় যেন মন ভেঙে গেছে রবের্ত লেভানদোভস্কির। দলের এমন পরাজয়ের পর, আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন পোলিশ তারকা। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের প্লে অফ ফাইনালে মঙ্গলবার রাতে সুইডেনের বিপক্ষে প্রথম দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় পোল্যান্ড। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে তাদের সব আশা গুঁড়িয়ে দেন ভিক্তর ইয়োকেরেশ। ৩-২ গোলে হেরে মূল উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকেট কাটে সুইডেন, আর হতাশায় ভেঙে পড়েন লেভানদোভস্কি ও তার সতীর্থরা। শেষ বাঁশির বাজার পরপরই হতাশায় নুইয়ে পড়েন লেভানদোভস্কি। তার চোখে-মুখে ফুটে ওঠে বেদনার ছাপ। বয়সও হয়েছে বেশ। তাই যেন ‘যাত্রার শেষটাও’ দেখে ফেললেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। স্টকহোমে ওই হারের কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সামাজিক মাধ্যমে তার মাঠ ছাড়ার একটি ছবি পোস্ট করেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন সারাহ ব্রাইটম্যান ও আন্দ্রেয়া বুচেল্লির গান ‘টাইম টু সে গুডবাই।’ ম্যাচের পর দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবশ্য ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি লেভানদোভস্কি। পরবর্তীতে, তার সামাজিক মাধ্যমে করা পোস্ট নিয়ে প্রশ্নের উত্তরেও পরিষ্কার কিছু বলেননি জাতীয় দলের হয়ে ১৬৫ ম্যাচে ৮৯টি গোল করা তারকা। বার্সেলোনা স্ট্রাইকার বললেন, ক্লাবে ফিরে ঠাণ্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নেবেন। কোনো ঘোষণা দেওয়ার মতো অবস্থায় আমি নেই। এখন আমি ক্লাবে ফিরে যাব; (মৌসুমে) সেখানে আমার কিছু ম্যাচ বাকি আছে। নিজেকে নিয়ে আমার মধ্যেই কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আমার পেতে হবে।”