মাত্র ৪ বল করে মাঠ ছাড়লেন পাথিরানা। নিজের প্রথম ওভারে চতুর্থ বল করার পর, বাঁ পা চেপে ধরে মাটিতে পড়ে গেলেন মাথিশা পাথিরানা। তীব্র অস্বস্তি দেখা যাচ্ছিল তার চোখে-মুখে। ফিজিওর চিকিৎসা নেওয়ার পর, এক সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার পেসার। বাকি ইনিংসে আর মাঠে ফিরলেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা ক্রিকেট বিবৃতিতে জানিয়েছে, চোটের অবস্থা বুঝতে স্ক্যানের জন্য পাঠানো হবে ২৩ বছর বয়সী পেসারকে। “ম্যাচে বোলিং করার সময় মাথিশা পাথিরানা তার বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন এবং খেলা চালিয়ে যেতে পারেননি… চোটের অবস্থা বুঝতে আগামীকাল স্ক্যান করা হবে।” পাল্লেকেলেতে এ দিন প্রথম দুই ওভারে অস্ট্রেলিয়া তুলে ফেলে ২৫ রান। পরের ওভারে বোলিংয়ে এসে শুরুটা ভালো করেন পাথিরানা। প্রথম চার বলের দুটি ডট খেলান তিনি, একটি ওয়াইডসহ রান দেন তিন। তিনি মাঠ ছাড়ার পর ওভারের বাকি দুই বল করে একটি বাউন্ডারি হজম করেন অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কার পেস আক্রমণে সবচেয়ে দ্রুতগতির বোলার পাথিরানা। দলের ডেথ ওভারে বোলিং পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি। ফলে পাথিরানা ছিটকে গেলে শ্রীলঙ্কার জন্য তা হবে বড় ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ার শতরানের উদ্বোধনী জুটির পর, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের ১৮১ রানে আটকে রাখে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচে জেতা শ্রীলঙ্কা এবার জিতলে সুপার এইটের টিকেট নিশ্চিত করে ফেলবে। গ্রুপের শেষ ম্যাচ খেলবে তারা জিম্বাবুয়ের বিপক্ষে।