প্রকাশ :: ... | ... | ...

২০৩০ বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে যে দল


সংযুক্ত ছবি

আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩০ ফিফা বিশ্বকাপ এবং ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র। ফিফার হালনাগাদ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশকে বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই মাঠে নামতে হবে। প্রশ্ন হচ্ছে, এই পর্বে হামজা-শমিত-ফারহানদের প্রতিপক্ষ হতে পারে কোন দেশ? ফিফার হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮২তম এবং এশীয় অঞ্চলের ৪৬টি দেশের মধ্যে ৩৭তম। র‌্যাংকিংয়ের এই সমীকরণের কারণে র‌্যাংকিংয়ে এশিয়ার তালিকায় বাংলাদেশের ঠিক ওপরে থাকা ২৭ থেকে ৩৬ নম্বরের দলগুলোর মধ্যে যেকোনো একটি দল প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে। বর্তমান র‌্যাংকিংয়ের হিসাব ধরে প্রথম রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া ও নেপালের মধ্যে যেকোনো একটি দল। তবে ড্র অনুষ্ঠিত হওয়ার আগে ফিফা র‌্যাংকিং বা বাছাইপর্বের আনুষ্ঠানিক নিয়মে কোনো পরিবর্তন এলে সম্ভাব্য প্রতিপক্ষের এই তালিকায় রদবদল ঘটতে পারে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৫ ও ৩০ মার্চ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথম রাউন্ডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুই লেগের এই লড়াইয়ে যারা এগিয়ে থাকবে, তারাই পরবর্তী রাউন্ডে খেলার টিকিট পাবে। প্রথম বাধা টপকাতে পারলে হামজা-শমিত-ফারহানদের সামনে বড় সুযোগ তৈরি হবে। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে ৩৬ দলের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। সেখানে ভালো ফলাফল করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে যাওয়ার পাশাপাশি সরাসরি ২০৩১ এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথও সুগম হবে।