প্রকাশ :: ... | ... | ...

২০ ওভার আগেই প্রথম দিনের খেলা শেষ


সংযুক্ত ছবি

শুরুতে বাংলাদেশের পেসারদের তোপে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন আমির জাঙ্গু ও অভিষেক টেস্ট খেলতে নামা কেভিন উইকহাম। চতুর্থ উইকেটে দুজনের ১৩১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এরপর জাঙ্গুর অপরাজিত সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিন আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করতে হয়েছে। সব মিলিয়ে খেলা হয়েছে ৭০ ওভার, নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ২০ ওভার কম। দিন শেষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান। ১১টি চার ও দুটি ছক্কায় ১৭১ বলে ১১১ রান করে অপরাজিত আছেন আমির জাঙ্গু। অন্য প্রান্তে ৬২ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। পরে আলো কিছুটা বাড়লে আবারও মাঠে ফেরেন দুই দলের ক্রিকেটাররা। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বেশিক্ষণ। মাত্র পাঁচ ওভার খেলার পরই দিনের ইতি টানতে বাধ্য হন আম্পায়াররা। শেষ পর্যন্ত ৭০ ওভারেই থেমে যায় প্রথম দিনের খেলা। এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন জাঙ্গু ও উইকহাম। দুজনই তুলে নেন অর্ধশতক। তাদের ব্যাটিং দৃঢ়তায় ২৭ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে ১৫০ পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৫১ বলে ১৩১ রানের চতুর্থ উইকেট জুটি গড়ে দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন তাঁরা। অবশেষে ১৫৮ রানের মাথায় এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ১৪৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৬১ রান করা উইকহামকে বোল্ড করে সাজঘরে ফেরান বাংলাদেশের এই পেসার। অভিষেক টেস্টেই দায়িত্বশীল ব্যাটিংয়ে নজর কেড়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। দ্বিতীয় সেশনে এটিই ছিল বাংলাদেশের একমাত্র সাফল্য। ৪ উইকেটে ১৮০ রান নিয়ে চা বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তৃতীয় সেশনে নিজের ইনিংসকে আরও সমৃদ্ধ করেন জাঙ্গু। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। প্রথম টেস্টে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে এসে দারুণভাবে জ্বলে উঠেছেন এই বাঁহাতি ব্যাটার। দিনের শেষভাগে জাস্টিন গ্রিভসকে নিয়ে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়েন তিনি। ফলে প্রথম দিনের খেলা শেষেও স্বস্তিতে সফরকারীরা। অথচ দিনের শুরুটা ছিল বাংলাদেশের পেসারদের দাপটে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েও শুরুতেই বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ওপেনার ব্রেন্ডন কিং। ১৮ বলে ৯ রান করে ফেরেন তিনি। ১৩ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারেই হাসান মাহমুদ ফিরিয়ে দেন কাভেম হজকে। সুইং বুঝতে না পেরে বল ছেড়ে দিয়েছিলেন এই ব্যাটার। বল সরাসরি আঘাত হানে স্টাম্পে। ১০ বল খেলে মাত্র ১ রান করে ফেরেন হজ। ১৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর জসুয়া ডা সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ১৭ বলে ১২ রান করে ফেরেন তিনি। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে তখন রীতিমতো ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন ও হাসানের বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। একের পর এক আবেদনে সরব ছিল বাংলাদেশের ফিল্ডাররা। কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। তবে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে জাঙ্গু ও উইকহামের প্রতিরোধে শেষ পর্যন্ত প্রথম দিনের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় সফরকারীরা। প্রথম দিনের শেষে তাই স্বস্তির জায়গায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়েছেন। তবে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান ৪২ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।