নব্বই পেরিয়ে গিয়েছিলেন আগের দিন। দ্বিতীয় দিন সকালে নেমে আর স্নায়ুচাপে ভুগলেন না লিটন দাস। মার্কো ইয়ানসেনকে ছক্কায় উড়িয়ে স্পর্শ করলেন তিন অঙ্ক। এরপর কন্যা আনাইরা দাসের জন্মদিন উপলক্ষে করলেন বিশেষ উদযাপন। সেঞ্চুরি করার পর পকেট থেকে একটা কাগজ বের করতে দেখা যায় এই ব্যাটারকে। সেখানে লেখা ছিল, 'শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।' ২০২৩ সালে লিটন দাস ও সঞ্চিতা দাসের কন্যা আনাইরার জন্ম হয় আজকের দিনেই। এমন একটা শুভদিনে নিজের অর্জন দিয়ে রাঙাতে পারলেন বাংলাদেশের কিপার-ব্যাটার। ঝলমলে স্ট্রোক-প্লেতে ১৩ চার আর ১ ছক্কায় টেস্টে ৮ম সেঞ্চুরি করেন লিটন। টেস্টে বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি সেঞ্চুরি আর চারজনের। তিন সংস্করণ মিলিয়ে লিটনের সেঞ্চুরি হলো ১৩টি। এখানেও তিনি পঞ্চম। আগের দিন তাওহিদ হৃদয়ের সঙ্গে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ জুটির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান লিটন। এর আগের সফরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। এবার হৃদয়ের পর লিটনও পেলেন মাইলফলকের দেখা। লিটনের সেঞ্চুরির খানিক পর ড্যান প্যাটারসনের শিকার হয়ে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ৩৫৯ রানে ৭ম উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটন থামেন ১২০ করে। ১৭৯ বলে ১৪ চার আর ১ ছক্কায় তার সমাপ্তিও টানেন প্যাটারসন। পুল করতে গিয়েছিলেন স্টাইলিশ ব্যাটার। কিন্তু উড়াতে না পারায় স্কয়ার লেগে জমা পড়ে থামতে হয় তাকে। তার বিদায়ে ৩৭০ রানে ৮ম উইকেট হারায় বাংলাদেশ।