‘ক্যাম্পের জীবন আর নয়, আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।’ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে এ আকুতি জানিয়েছেন রোহিঙ্গারা। দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা ও বন্দিজীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে নাগরিক অধিকার নিয়ে মর্যাদাপূর্ণ জীবন ফিরে পাওয়াই এখন তাদের প্রধান প্রত্যাশা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান ড. খলিলুর রহমান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। তিনি আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা শোনেন। পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, ‘সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’ আইসিজের এই রায়কে রোহিঙ্গারা দেখছেন ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে। তাদের প্রত্যাশা, এই রায়ের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন গতি আসবে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। রায় ঘোষণার পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এর আগে ড. খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোহিঙ্গাদের দাবি, শুধু নিজ দেশে ফিরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে না। প্রত্যাবাসনের আগে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, অবাধ চলাচলের স্বাধীনতা এবং শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তারা এমন পরিবেশে ফিরতে চান, যেখানে জাতিগত পরিচয়ের কারণে বৈষম্য ও নির্যাতনের শিকার হতে হবে না। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তবে তারা চিরদিন ক্যাম্পে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং আরও বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে আশা করছেন তারা। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান কিন মং। তিনি মনে করেন, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। নিজ দেশে ফিরে নাগরিক হিসেবে পূর্ণ অধিকার নিয়ে বসবাসের নিশ্চয়তাই রোহিঙ্গাদের মূল চাওয়া। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকলেও অনুকূল পরিবেশ, নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। আইসিজের রায়ের পর তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে সেই আশা বাস্তবে রূপ নিতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ এবং মিয়ানমারের পক্ষ থেকে অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলে মনে করছেন রোহিঙ্গারা।