কক্সবাজার পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ ওঠার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সিভিল এভিয়েশন, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল। বুধবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা হোটেল শৈবাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনিম জাহান বলেন, গাছ কাটার সঙ্গে পর্যটন কার্নিভালের কোনো সম্পর্ক নেই। কার্নিভাল আয়োজনের জন্য ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে সরেজমিনে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান, বন বিভাগের কর্মকর্তা কাজী তারেকুর রহমান এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা শিমুল গণীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে গণমাধ্যমের সাথে কথা বলেন। এদিকে কক্সবাজার পর্যটন কার্নিভাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, কার্নিভাল আয়োজনের অবকাঠামো নির্মাণ কিংবা প্রস্তুতির জন্য হোটেল শৈবাল প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি। এ আয়োজন ঘিরে ঝাউগাছ কাটার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও দাবি করেছে তারা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী এ কার্নিভাল আয়োজনের পরিকল্পনা রয়েছে। হোটেল শৈবাল প্রাঙ্গণ ও সংলগ্ন প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ আয়োজনের প্রস্তুতি চলছে। কার্নিভালকে কেন্দ্র করে ১৫ থেকে ১৬টি বিশেষ জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীরের দাবি, কার্নিভালের প্রতিটি আয়োজনের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের ক্ষতি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছ কাটার কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে কার্নিভালকে কেন্দ্র করে ঝাউবন নিধনের অভিযোগ ওঠায় পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবারই পাঁচটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। পর্যটন আয়োজন ও উপকূলীয় পরিবেশ সংরক্ষণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এ পরিদর্শন নতুন করে গুরুত্ব পেয়েছে। অভিযোগের প্রকৃত কারণ, গাছ কাটার ঘটনা ঘটেছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশসচেতন নাগরিকেরা।