কক্সবাজার সমুদ্রসৈকতে বহুল আলোচিত ৯০ দিনব্যাপী পর্যটন কার্নিভালের উদ্বোধন ১৯ নভেম্বর হচ্ছে না। আগামী ২৪ নভেম্বর কার্নিভালের অনানুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম। তবে উদ্বোধনের তারিখ পরিবর্তনের মধ্যেই কার্নিভালের আয়োজন ঘিরে নতুন করে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ উঠেছে। সৈকতের শৈবাল পয়েন্টে কার্নিভালের মাঠ প্রস্তুত করতে ঝাউগাছ কেটে ফেলার ঘটনায় ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে চলছে ৯০ দিনব্যাপী বাণিজ্যিক কার্নিভালের প্রস্তুতি। অভিযোগ উঠেছে, আয়োজনের অবকাঠামো নির্মাণ ও মাঠ প্রস্তুতের নামে করাত ও কোদাল দিয়ে ঝাউগাছ কেটে ফেলা হচ্ছে। অথচ জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় সৈকত ও উপকূলীয় জনপদকে সুরক্ষা দিতে ঝাউবন গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম, গাছ কাটা ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনগত অনুমোদন ছাড়া কীভাবে সৈকতের সংবেদনশীল এলাকায় এ ধরনের আয়োজনের প্রস্তুতি চলছে? এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কার্নিভালের আয়োজনের নামে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের প্রতিবাদ জানিয়েছেন। সিভিল সোসাইটির প্রতিনিধিরাও এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবেশ সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেছেন। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েম জানান, গাছ কেটে অবকাঠামো নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা কাজী তারিকুর রহমান এ কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে জানান, বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা জমির উদ্দিন জানিয়েছেন, অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পরিবেশবাদীদের আশঙ্কা, ৯০ দিনব্যাপী এ আয়োজন চলাকালে অতিরিক্ত জনসমাগম, উচ্চ শব্দ, প্লাস্টিক বর্জ্য ও অন্যান্য দূষণের কারণে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাদের মতে, পর্যটন বিকাশের নামে সৈকতের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও সিভিল সোসাইটির পক্ষ থেকে অবিলম্বে ঝাউগাছ কাটা বন্ধ, পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ, কার্নিভালের অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র জনসমক্ষে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পর্যটন শিল্পের বিকাশে কার্নিভালের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে সেই আয়োজন যদি সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের কারণ হয়, তাহলে তা কক্সবাজারের দীর্ঘমেয়াদি পর্যটন সম্ভাবনার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে এমন মত সচেতন মহলের। শু