প্রকাশ :: ... | ... | ...

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানো হলে কাজের দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে মত দেন কমিটির সদস্যরা। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের ওপর নির্ভরশীলতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে শুধু চিহ্নিত বা শাস্তি দিলেই হবে না; বরং যে প্রক্রিয়া বা ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি সংঘটিত হচ্ছে, সেই প্রক্রিয়া বা ব্যবস্থার পরিবর্তন বা অপসারণ করতে হবে। এতে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি কমার পাশাপাশি ব্যবসার পরিবেশ সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বাড়বে বলে বৈঠকে অভিমত দেওয়া হয়। এ সময় সরকারের ব্যয় নির্বাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। পরে উপস্থাপিত বিষয়গুলোর ওপর কমিটির সদস্যরা আলোচনা করেন। বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশ নেন। এ সময় এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শু/আজা