তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দু’দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে তরুণদের গুরুত্বের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের সঠিক দক্ষতা ও শিক্ষা দিতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তরুণদের শক্তি একটি দেশের উন্নয়নে ইতিবাচক মাত্রা যোগ করে। তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে এরই মধ্যে বর্তমান সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে তরুণদের দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের প্রস্তুত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তার বক্তব্যে দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা এবং তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করার ওপর বিশেষ গুরুত্ব পায়।