কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে।
একই প্রবাহে বের হচ্ছে গ্যাস, নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা ১৫ দিনেও নেভেনি। এ সময় গ্যাস নির্গমনের প্রবাহ কিংবা আগুনের উচ্চতায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রবাহ অব্যাহত থাকায় এবার অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন বন্ধে কারিগরি কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের সদস্যরা জানিয়েছেন, প্রথম অগ্রাধিকার হলো নিরাপদ উপায়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও বন্ধ করা। এরপর ভূগর্ভে গ্যাসের আধারের বিস্তৃতি, প্রকৃতি এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি বিবেচনা করা হবে। তবে এখনই সেখানে বাণিজ্যিক গ্যাসের মজুত কিংবা নতুন গ্যাসক্ষেত্রের অস্তিত্ব নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। এদিন নয় সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সদস্য বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ হাওলাদার ওহিদুল ইসলাম। তাঁর মতে, ঘটনাস্থলে একটি সম্ভাবনাময় ভূতাত্ত্বিক কাঠামোর অস্তিত্ব দেখা যাচ্ছে। তবে সেখানে থাকা গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা জানতে আরও অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও বিনিয়োগ প্রয়োজন। ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকার একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর জন্য খননকাজ শুরু হয়। খননের একপর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাস ও পানি বের হতে থাকে। পরে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে সেখানে টানা জ্বলছে আগুন। ঘটনার পর পেট্রোবাংলা ও বাপেক্সের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। তাঁদের ধারণা ছিল, ভূগর্ভে অগভীর কোনো ছোট গ্যাসের আধার বা পকেট থাকলে সেখান থেকে নির্গমনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘প্রথম দিনে যে অবস্থায় ছিল, সেই একই অবস্থায় আছে। গ্যাস যে লেভেলে উঠছিল, সেভাবেই আছে। আমরা ১৫ দিন পর্যবেক্ষণ করেছি শুধু এটা বোঝার জন্য যে এটি অগভীর কোনো ছোট গ্যাসের পকেট কি না। কিন্তু দেখা যাচ্ছে, একই প্রবাহ অব্যাহত রয়েছে।’ এ অবস্থায় শুধু পর্যবেক্ষণ চালিয়ে না গিয়ে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে। হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘প্রবাহ বন্ধ বলতে ওয়েলটাকে কন্ট্রোল করার জন্য। প্রথমে অনিয়ন্ত্রিত প্রবাহটা বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এরপর আরও অনুসন্ধানের বিষয়টি আসবে। এভাবে তো আর জ্বলতে দেওয়া যাবে না।’ ভূগর্ভে গ্যাসের আধারের সম্ভাবনা ঘটনাস্থলের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে সেখানে গ্যাস জমা থাকার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। হাওলাদার ওহিদুল ইসলামের ভাষ্য, ঘটনাস্থল এমন একটি ভূতাত্ত্বিক কাঠামোর মধ্যে পড়েছে, যেখানে সাধারণত গ্যাস জমা হওয়ার অনুকূল পরিবেশ থাকতে পারে। তিনি বলেন, ‘এটা একটা স্ট্রাকচার, যে জায়গায় আমরা সাধারণত একটা ফোল্ড বেল্টের ক্রেস্টে গ্যাস জমা হতে দেখি, সেরকম একটা কাঠামো আছে।’ ঘটনাস্থলের ভূ-পৃষ্ঠে দৃশ্যমান শিলাস্তরকে তিনি ভূতাত্ত্বিক পরিভাষায় ‘ভোকাবেল ফরমেশন’ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের ভূতাত্ত্বিক গঠনের নিচে গ্যাসের আধার রয়েছে। ফলে ইনানীর ঘটনাস্থলেও ভূগর্ভে গ্যাসের আধার থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই ধরনের ভূতাত্ত্বিক কাঠামো থাকলেই সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। গ্যাসের আধারের বিস্তৃতি, মজুতের পরিমাণ, চাপ, গুণগত বৈশিষ্ট্য এবং উৎপাদন সক্ষমতা নির্ধারণের জন্য বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন। ওহিদুল ইসলাম বলেন, ‘এই রিজার্ভার বাণিজ্যিকভাবে লাভজনক কি না বা সেখান থেকে উৎপাদন দেওয়া যাবে কি না, এগুলো আরও অনুসন্ধানের বিষয়। এখন প্রথম অগ্রাধিকার হলো এটাকে নিরাপদে বন্ধ করা।’ বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেওয়ার পরও তিনি জাতীয় পর্যায়ের তেল ও গ্যাস অনুসন্ধানবিষয়ক একটি কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। বিশেষজ্ঞ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। আগে নিয়ন্ত্রণ, পরে বাণিজ্যিক সম্ভাবনা যাচাই ইনানীর কূপে গ্যাস নির্গমন অব্যাহত থাকায় এখন বিশেষজ্ঞদের সামনে দুটি প্রধান কাজ রয়েছে। প্রথমটি হলো নিরাপদ উপায়ে অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ বন্ধ করা। দ্বিতীয়টি হলো ভূগর্ভে সম্ভাব্য গ্যাসের আধারের অবস্থান, বিস্তৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা। এখন পর্যন্ত ১৫ দিনের পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ কমার লক্ষণ না থাকায় আগের পরিকল্পনা থেকে সরে এসে কারিগরি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে কী পদ্ধতিতে গ্যাসের প্রবাহ বন্ধ করা হবে, কখন কাজ শুরু হবে এবং পুরো প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে, তা এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবারের পরিদর্শনের পর বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, কূপের অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন বন্ধ না করে সেখানে অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। আবার নিরাপদে প্রবাহ নিয়ন্ত্রণের পরও ভূগর্ভে গ্যাসের মজুত ও বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা নিশ্চিত করতে আলাদা অনুসন্ধান ও মূল্যায়ন প্রয়োজন হবে। ফলে ইনানীর এই কূপে টানা ১৫ দিন ধরে আগুন জ্বলার ঘটনায় একদিকে যেমন জরুরি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন দেখা দিয়েছে, অন্যদিকে তেমনি ভূগর্ভে সম্ভাব্য গ্যাসের আধার অনুসন্ধানের একটি সুযোগও তৈরি হয়েছে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এটিকে নতুন গ্যাসক্ষেত্র হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই।