উত্তরা-মতিঝিল রুটে পূর্ণমাত্রায় মেট্রোরেল চলাচল শুরু ফার্মগেটে দুর্ঘটনার কারণে একদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুরো রুটে সেবা চালু করা হয়েছে। তারা বলেন, “সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এখন থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে।” এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম (৪৫) নামে এক পথচারী নিহত হন। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। দুর্ঘটনার পরপরই দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশে সেবা চালু হলেও শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেরামত কাজের কারণে সোমবার সকাল পর্যন্ত ওই অংশে ট্রেন বন্ধ ছিল। এ ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির। পাশাপাশি নিহতের পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর নিরাপত্তা ও অবকাঠামোগত ঝুঁকি নিরসনে নতুন করে পর্যালোচনা শুরু করেছে ডিএমটিসিএল। তারা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে।