প্রকাশ :: ... | ... | ...

এসএসসি: নারায়ণগঞ্জে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ জেলায় এবার এসএসসিতে উত্তীর্ণের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। চলতি বছর ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন; যা গত বছর ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩৪৩ জন; যা ২০২৫ সালে ছিল এক হাজার ৪৬২ জন। সোমবার দুপুরে ফল প্রকাশের পর এসব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ বছর ২৭ হাজার ৮২০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন সদর উপজেলার ৮১২ পরীক্ষার্থী। এ ছাড়া রূপগঞ্জে ২৪৬ জন, সোনারগাঁয়ে ১৩০, আড়াইহাজারে ৭৯ এবং বন্দর উপজেলায় ৭৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সদরে বেশি হলেও উত্তীর্ণের হার রূপগঞ্জ উপজেলায় বেশি- ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সদরে ৭১ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া সোনারগাঁয়ে ৭২ দশমিক ৭৬ শতাংশ, বন্দরে ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং আড়াইহাজারে সবচেয়ে কম ৬৪ দশমিক ১৬ শতাংশ উত্তীর্ণের হার। সমমানের পরীক্ষার ফলাফল এ বছর দাখিল পরীক্ষায় তিন হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে দুই হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ; যা গতবার ছিল ৭৭ দশমিক ৩১ শতাংশ। ২০২৫ সালে ৯২ জন দাখিল পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯১ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া এক হাজার ৭৮৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ২০৫ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন পরীক্ষার্থী। ২০২৫ সালে এসএসসিতে (ভোকেশনাল) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। আর উত্তীর্ণের হারও ছিল ৮৪ দশমিক ৮১ শতাংশ।