বাংলাদেশে ঐক্য হতে হলে বিএনপিকে আগে গণভোটের গণরায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’ আজ সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।.প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাওয়ার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে আমরা আপনার যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব।’ গত আট মাসে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া এবং মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নিহত ব্যক্তিদের রক্তের প্রতিশোধ তাঁরা নেবেন।আলোচনার সুযোগ তৈরি হওয়াকে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ হিসেবে না দেখতে বিএনপির প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আলোচনার দ্বার খুলেছে বলে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার করতে হবে না—এমন ভাবনা আকাশকুসুম কল্পনা। রাজপথের মানুষ গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন।.বিচার নিয়ে ‘নয়ছয়’, পুনর্বাসনের অভিযোগজুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এই যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, সেখানে আমরা নয়ছয় দেখতে পাচ্ছি।’বিএনপির বিরুদ্ধে হত্যায় জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, গত আট মাসে যারা আমাদের খুন করেছে, বিএনপি তাদের পুনর্বাসন করেছিল।’ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, তাঁরা সেই ইতিহাস ভুলে যাননি। কোনো সংলাপের কারণে শহীদদের রক্তের ইতিহাস মুছে যেতে দেবেন না।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের সংলাপের মুলা ঝোলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।’ নিউমার্কেট এলাকায় আন্দোলনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, তাঁদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন। অনেকে চোখ ও হাত হারিয়েছেন। তাঁদের মর্যাদা রক্ষায় তাঁরা আবার রাজপথে নেমেছেন।.আওয়ামী লীগের সঙ্গে ব্যবসার অভিযোগনাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি শোনার পরিবর্তে বিএনপি আওয়ামী লীগের কথা শুনেছে। আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেছে।শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার ভয় দেখানোর অভিযোগও করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষ্য, বিএনপি এত দিন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সামনে রেখে তাঁদের ভয় দেখিয়েছে। এখন আওয়ামী লীগই বিএনপির সামনে এসে দাঁড়িয়েছে।তারেক রহমানকে এই ‘ভুল’ দ্বিতীয়বার না করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংশোধন হয়ে জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। জুলাই গণহত্যার বিচার করুন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করুন।’ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এসব কাজের মধ্য দিয়ে তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে তিনি ‘শহীদ জিয়ার সন্তান’। এসব দাবি আদায়ে তাঁরা রাজপথে নেমেছেন বলে জানান তিনি।.ভারত প্রশ্নে সরকারের সমালোচনাভারতের বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধিতা করা হবে, অন্যদিকে পোশাক কারখানা ভারতের কাছে তুলে দেওয়া হবে—এমন রাজনীতি তাঁরা দেখতে চান না। ওসমান হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা না নেওয়ার অভিযোগও করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা এই ধরনের কুসুম কুসুম রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না।’ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে দলীয় বিভেদ থাকবে না বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যদি মোদির প্রশ্ন আসে, যদি ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি নাই। বাংলাদেশে কোনো বিএনপি নাই, বাংলাদেশে কোনো জামায়াত নাই, বাংলাদেশে কোনো এনসিপি নাই। ১৮ কোটি জনতাই পুরো বাংলাদেশে একটি দল হয়ে যাবে।’.সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন বলেন, জাতীয় ঐক্যের ডাক দেওয়ার আগে ঐক্য কেন ভেঙেছে এবং কারা ভেঙেছে, তা প্রধানমন্ত্রীকে খুঁজে বের করতে হবে। তাঁর অভিযোগ, গণভোটের রায় অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে একদলীয় সংসদীয় কমিটি করার মধ্য দিয়ে ঐক্য ভাঙা হয়েছে।বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের অপমান এবং পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় ঐক্যের আগে প্রধানমন্ত্রীকে নিজের দলের ওই সংসদ সদস্যকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। দায়িত্ব পালন নিয়ে তথ্যমন্ত্রীরও সমালোচনা করেন তিনি।সমাবেশ শেষে নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রামের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম।