প্রকাশ :: ... | ... | ...

কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে তিন স্তরের কমিটি গঠন করছে সরকার


সংযুক্ত ছবি

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ সন্ত্রাস, নাশকতা, সংঘবদ্ধ অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশজুড়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিন স্তরের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের যুক্ত করে সামাজিক প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘সন্ত্রাস, নাশকতা ও কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ নামে এসব কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিগুলোর কাঠামো ও কার্যক্রম নির্ধারণের কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় সমন্বয় কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১৩ কর্মকর্তা সদস্য হিসেবে রয়েছেন। নতুন উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে অপরাধের ঝুঁকি চিহ্নিত করা, অপরাধী চক্রের পৃষ্ঠপোষকদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কমিটিকে মাসে অন্তত একবার সভা করতে হবে। ইউনিয়ন পর্যায়ের কমিটি প্রতি মাসের কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি ৫ তারিখের মধ্যে প্রতিবেদন পাঠাবে জেলা কমিটিতে। জেলা কমিটি জেলার সমন্বিত প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। কমিটিগুলো নিজ নিজ এলাকায় বড় ধরনের সহিংসতা বা নাশকতার ঘটনা ঘটলে তা পর্যালোচনা করবে। একই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, সে জন্য কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক সুপারিশ দেওয়ার দায়িত্বও থাকবে তাদের। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নানা অসংগতি দেখা দিয়েছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের তৎপরতা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয় বলে মনে করছে সরকার। এ কারণে স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগ ও প্রশাসনিক সমন্বয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা থেকে ইউনিয়ন—কমিটির কাঠামো নির্দেশনা অনুযায়ী, জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) এবং সদস্যসচিব থাকবেন পুলিশ সুপার (এসপি)। জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সদস্য হিসেবে থাকবেন। প্রতিটি জেলা কমিটিতে কমপক্ষে ১৫ জন সদস্য রাখার কথা বলা হয়েছে। উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকবেন সদস্যসচিব। উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় প্রতিনিধিদের এ কমিটিতে যুক্ত করা হবে। ইউনিয়ন পর্যায়ের কমিটির কাঠামো নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। এ কমিটির সভাপতি হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বা সচিব। অপরাধের মানচিত্র ও পৃষ্ঠপোষকদের তথ্য সংগ্রহ কমিটিগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হবে সন্ত্রাস, নাশকতা, সংঘবদ্ধ অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এসব অপরাধে কারা জড়িত, কারা সহায়তা করছে এবং কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে—সে বিষয়ে মাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। অপরাধপ্রবণ এলাকা ও অপরাধের ধরন বিবেচনায় ঝুঁকির মানচিত্র বা ক্রাইম ম্যাপিং তৈরি করবে কমিটিগুলো। কোথায় ছিনতাই, চাঁদাবাজি, সংঘর্ষ, মাদক কারবার কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি—এ ধরনের তথ্য বিশ্লেষণ করে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কারা কর্তৃপক্ষ, শিক্ষা বিভাগ, সমাজসেবা বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাও কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে। প্রয়োজনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, বিদ্যুৎকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিবহনের নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিশোরদের অপরাধ থেকে ফেরাতে সামাজিক উদ্যোগ কিশোর গ্যাং মোকাবিলায় শুধু নজরদারি ও আইন প্রয়োগ নয়, সামাজিক সুরক্ষা ও পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া, দীর্ঘদিন অনুপস্থিত থাকা, ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করা এবং অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে—এমন কিশোরদের চিহ্নিত করে সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং, স্বেচ্ছাসেবা এবং কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সম্পৃক্ত করতে উদ্যোগ নেবে কমিটিগুলো। স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রমের সুযোগ বাড়িয়ে কিশোরদের অপরাধী চক্রের প্রভাব থেকে দূরে রাখাই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে কেবল বিদ্যালয়ে অনুপস্থিতি, দারিদ্র্য বা ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসের কারণে কোনো কিশোরকে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই। এসব তথ্যকে সহায়তা ও পুনর্বাসনের প্রয়োজন শনাক্ত করার উপাদান হিসেবে বিবেচনা করতে হবে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, শিশুর মর্যাদা এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ শর্ত। ফৌজদারি কার্যবিধির ধারার প্রয়োগ নিয়ে সতর্কতা অপরাধ নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা অনুযায়ী কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদাচরণের মুচলেকা নেওয়ার বিষয়টিও নির্দেশনায় রয়েছে। তবে এ ধারা প্রয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে। কমিটি নিজে কাউকে অপরাধী ঘোষণা বা মুচলেকা দিতে বাধ্য করতে পারে না। একইভাবে কার্যবিধির ৪৪ ধারায় নির্দিষ্ট গুরুতর অপরাধ সংঘটিত হওয়া বা সংঘটনের পরিকল্পনা সম্পর্কে জানা থাকলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ৪৫ ধারায় নির্দিষ্ট শ্রেণির গ্রামপ্রধান, গ্রাম-পুলিশ, ভূমির মালিক বা দখলদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু তথ্য কর্তৃপক্ষকে জানানোর বিধান রয়েছে। এসব ধারার প্রয়োগ আইন নির্ধারিত পরিসরের মধ্যেই সীমাবদ্ধ। দেশজুড়ে তিন স্তরের কমিটি গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য সংগ্রহ, প্রশাসনিক সমন্বয় ও সামাজিক প্রতিরোধের একটি কাঠামো তৈরি হতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে কমিটিগুলোর নিয়মিত সভা, তথ্যের নির্ভরযোগ্যতা, আইনসম্মত পদক্ষেপ এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের ওপর।