প্রকাশ :: ... | ... | ...

কুয়াশার আড়ালে ছয়জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের


সংযুক্ত ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগের পর সকাল সাড়ে ৮টার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে এ চেষ্টা করা হয়। ওই সময় সীমান্ত এলাকায় কুয়াশা ছিল। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় টহলরত বিজিবি সদস্যরা ছয়জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। কুয়াশাচ্ছন্ন পরিবেশে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। তাদের কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিলাল হোসেন আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।