ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফিরে আসা যোদ্ধাদের (ক্যান্সার সার্ভাইভার) সম্মান জানাতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ক্যান্সার সার্ভাইভার সম্মাননা প্রদান’ অনুষ্ঠান। এর আয়োজন করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। আয়োজকরা জানান, ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের মানসিকভাবে অনুপ্রাণিত করা এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংগ্রামী জীবনগাথা তুলে ধরতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ক্যান্সারজয়ীদের সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনস্বাস্থ্য, নারী ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. হালিদা হানুম আখতার, চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের (সিসিসিএফ) প্রেসিডেন্ট ডোমখানা আফরোজ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ক্যান্সারকে ঘিরে সমাজে প্রচলিত ভয় ও নেতিবাচক ধারণা দূর করতে সহায়তা করবে। একই সঙ্গে চিকিৎসা গ্রহণে আগ্রহ বাড়াবে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রোগী ও তাদের পরিবারের জন্য ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। অনুষ্ঠানে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ক্যান্সার সার্ভাইভার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। শু/আজা