গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মোটরসাইকেল মহড়া, মিছিল ও সমাবেশ করেছেন। আজ বুধবার দিনভর জেলার বিভিন্ন স্থানে তাঁরা এসব কর্মসূচি পালন করেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আজ সকাল থেকে গোপালগঞ্জ শহরের দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক ছিল অফিস–আদালতের কার্যক্রম, আন্তজেলা ও দূরপাল্লার বাসও সময়মতো ছেড়ে গেছে। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনার সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়।.টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণা.বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড় থেকে মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। তাঁরা ঘোনাপাড়া মোড় হয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে আবার মহড়া দিয়ে শহরের দিকে ফিরে আসেন।অন্যদিকে বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর এলাকায় জড়ো হন একদল নেতা–কর্মী। পরে বৌলতলী, সাহাপুর, সাতপাড় ও করপাড়া ইউনিয়নের নেতা–কর্মীরাও সেখানে একত্র হয়ে সমাবেশ করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।.এদিকে দিনভর বিভিন্ন কর্মসূচি চললেও শহরের প্রধান সড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক ছিল। বিকেলে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের চলাচল ছিল।বিকেল পাঁচটার দিকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। বিশেষ করে জেলা প্রশাসকের বাসভবন ও কার্যালয়ের সামনে, লঞ্চঘাট বটতলা গোলচত্বর, বেদগ্রাম মোড়, পুলিশ লাইনস মোড় ও আদালত এলাকায় বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।.গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ.শহরের দোকানপাট খুলে ব্যবসায়ীদের কেনাবেচা করতে দেখা যায়। পুলিশ লাইনস মোড় থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। শহরের ভেতরে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল। সরকারি-বেসরকারি কার্যালয় এবং আদালতের কার্যক্রম আগের নিয়মেই চলেছে।গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী বাসের চালক জিকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচির সময় তাঁরা বাস চালানো বন্ধ রেখেছিলেন। লকডাউন শেষে প্রথম দু-এক দিন যাত্রী খুবই কম ছিল। তবে এখন যাত্রী চলাচল আবার স্বাভাবিক হয়ে এসেছে।.গোপালগঞ্জ শহরের কাপড় ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে কোনো সমস্যা নেই। বেচাকেনা ও মানুষের সমাগম স্বাভাবিক আছে। তবে ২৮ নভেম্বর থেকে আবার লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই কর্মসূচি শুরু হলে হয়তো দোকান বন্ধ রাখতে হবে।