জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের দাম বাড়াবে না, কিন্তু পরে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তিনি বলেন, “গ্যাসের দাম যদি এক টাকাও বাড়ানো হয়, তাহলে এই সরকার চালাতে পারবেন না। বাংলাদেশে মুনাফাবাজির সুযোগ দেওয়া হবে না।” তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করেনি। গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি। এনসিপির আহ্বায়ক দাবি করেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত না করেই দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগও তোলেন নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টা চলছে। সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শু/আজা