প্রকাশ :: ... | ... | ...

চলতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী


সংযুক্ত ছবি

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকায় সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে বাজেট প্রস্তাব দিয়েছে এবং চলতি অর্থবছরের বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, আগস্টের পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় সিলেট নগরী পরিচ্ছন্নতায় এগিয়ে রয়েছে। ডেঙ্গু প্রতিরোধ, খাল খনন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমেও সিলেট সিটি করপোরেশন ভালো কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, ২০২৪ সালে লাফার্জহোলসিম বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি এখনো পুরোপুরি চালু হয়নি। প্রকল্পে বায়ো-ড্রাইং প্রযুক্তি চালু হলে বর্জ্যের আর্দ্রতা কমিয়ে তা পৃথক করা সম্ভব হবে। পরে প্লাস্টিক অংশ বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এবং অবশিষ্ট অংশ দিয়ে জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলার রায় হয়েছে এবং তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট–৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব রবিউল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।