জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি।” ছায়া মন্ত্রিসভার ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।” গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়। এ ছাড়া ঋণখেলাপির অভিযোগে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিএনপির দুই প্রার্থীর ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জোটের শরিকদের নিয়ে বিএনপি জোটের মোট আসন দাঁড়িয়েছে ২১২টিতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ–এর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। এ জোটের প্রধান দল জামায়াত পেয়েছে ৬৮টি আসন। আর এনসিপি পেয়েছে ৬টি আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট গত শুক্রবার রাতে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে। বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।