প্রকাশ :: ... | ... | ...

জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে পুলিশকে: স্বরাষ্ট্রমন্ত্রী


সংযুক্ত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনা। তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করবে। রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি পেশাদার, জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে। তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে তারা বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করবেন এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের যে রূপান্তরমূলক যাত্রা শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি দুর্নীতিমুক্ত থেকে এমন আচরণ করার আহ্বান জানান, যাতে জনগণ সত্যিকার অর্থেই পুলিশকে তাদের বন্ধু হিসেবে মনে করে। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন। শু/আজা