প্রকাশ :: ... | ... | ...

জুমার নামাজের পর শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে গল্প করলেন প্রধানমন্ত্রী


সংযুক্ত ছবি

জুমার নামাজ আদায় শেষে রাজধানীর বনানীতে একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের পছন্দের খেলাধুলা সম্পর্কে জানতে চান তিনি। শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শুক্রবার (৬ নভেম্বর) বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নামাজ শেষে বাইরে অপেক্ষমাণ শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলে কি না, তা জানতে চান তিনি। আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান, তারা কোন খেলা পছন্দ করে। জবাবে কেউ ফুটবল, আবার কেউ ক্রিকেটের কথা জানায়। এরপর প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চান, তারা বাস্কেটবল বা টেবিল টেনিস খেলে কি না। কথোপকথনের একপর্যায়ে শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিদায় নেওয়ার সময় শিশু-কিশোরদের সঙ্গে হাত মেলান তিনি। এ সময় ‘ওকে সবাই ভালো থেকো’ বলে তাদের কাছ থেকে বিদায় নেন।