প্রকাশ :: ... | ... | ...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ


সংযুক্ত ছবি

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সম্ভাব্য সব বিকল্প উৎস কাজে লাগিয়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে। আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে নিতে সময় প্রয়োজন। এরই মধ্যে ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনতে কাজ করছে সরকার। পাশাপাশি দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন এবং দেশি-বিদেশি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও সরকার কাজ করছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে আসন্ন জাতিসংঘ সম্মেলনে একটি আলাদা সেশন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শু/আজা